২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ করুন, সহযোগী হোন: বেলারুশে প্রধানমন্ত্রী

বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সহযোগী হওয়ার জন্য বেলারুশ সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 12:10 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

মঙ্গলবার বেলারুশের মিনস্ক ন্যাশনাল লাইব্রেরিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআই এবং বেলারুশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-বিইআইসিসিআই এর এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

বেলারুশের প্রেসিডেন্ট মিখাইল ম্যায়াসনিকভিচও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে স্থানীয় বার্তা সংস্থা বেলটা জানায়। 

বেলারুশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য নীতিমালা সবচেয়ে উদার। আমাদের উন্নতি ও সমৃদ্ধির সঙ্গে আপনাদের উপস্থিতিও মূল্যবান।”

বাংলাদেশের শিল্প, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, নৌ পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, আইসিটি পণ্য ও সেবা এবং ওষুধ ও সিরামিক খাতে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের বিশেষ প্রণোদনা ও সহজ নীতিমালার কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়া তিনশ কোটি মানুষের বিশাল বাজার। এখানকার মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদা দ্রুত বাড়ছে।

বেলারুশের প্রেসিডেন্ট মিখাইল ম্যায়াসনিকভিচ বলেন, “দুই দেশের বাণিজ্য সহযোগিতা বাড়াতে আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি।

বার্তা সংস্থা বেলটা জানায়, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল সময়ে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে ৪ কোটি ৩৪ লাখ ডলারের বাণিজ্য হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।  

অন্যদের মধ্যে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন ও বিইআইসিসিআই সভাপতি মিখাইল ম্যায়ালিকভ অনুষ্ঠানে বক্তব্য দেন।

মঙ্গলবার দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক এবং দ্বি-পক্ষীয় কয়েকটি চুক্তির পর যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সফর শেষে বুধবার দেশে ফিরবেন বলে তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।