সমাবেশে যাওয়ার পথে গুলিতে শ্রমিক নিহত
রাজধানীতে সমাবেশে যোগ দেয়ার জন্য একটি কারখানার কর্মীদের ডাকতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন এক পোশাক শ্রমিক।
নিহত মো. সোহাগ (২২) পূর্ব রামপুরার রিভিয়েরা রিসোর্সের কর্মী ছিলেন। শরিফুল ইসলাম (২৬) নামে একজন পথচারীও গুলিবিদ্ধ হন ওই ঘটনায়।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, বাড্ডার আফতাবনগরে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের একটি শ্রমিক সমাবেশে যোগ দেয়ার জন্য শ্রমিকরা ছুটি চায়। কিন্তু রামপুরা-মালিবাগ এলাকার কয়েকটি কারাখানা কর্তৃপক্ষ ছুটি না দেয়ায় কর্মীরা রাস্তায় নেমে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
বেলা ৩টার দিকে ‘রিভিয়েরা রিসোর্সেস লিমিটেড’ ও ‘ফ্যাশন অাইল্যান্ডের’ শ্রমিকরা ছুটি পেয়ে মেরুল বাড্ডার নিমতলী এলাকায় তুবা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকদের ডাকতে যায়। এ সময় শ্রমিকদের আরেকটি পক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় সোহাগের মাথায় ও শরিফুলের হাতে গুলি লাগে। তাদের দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদশর্ক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেলে আইসিইউ খালি না থাকায় চিকিৎসকরা সোহাগকে অন্য হাসপাতালের আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। স্বজনরা তাকে ধানমন্ডিতে একটি হাসপাতালে নিয়ে গেলেও ভর্তি করাতে না পেরে আবার মেডিকেলে ফেরত আসেন। রাত ১০টার দিকে চিকিৎসকরা সোহাগকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “ওই সংঘর্ষের সময় পুলিশ আশেপাশে ছিল না। কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়।”
