সমাবেশে যেতে ছুটি না পেয়ে মালিবাগে শ্রমিক বিক্ষোভ
শ্রমিক সমাবেশে যেতে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর মালিবাগে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কয়েকটি পোশাক কারখানার কর্মীরা।
মঙ্গলবার দুপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনারও ঘটে।
শ্রমিকরা এ সময় ঢিল ছুড়ে কয়েকটি যানবাহনের কাচ, দোকান ও গার্মেন্ট কারখানার কাচ ভাংচুর করে। ঘন্টাখানেক পর পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
রামপুরারা ইস্টার গার্মেন্টের কর্মী সালাম বলেন, “আমরা নৌমন্ত্রী শাহজাহান খানের ডাকা সমাবেশে যোগ দিতে চাইলে কর্তৃপক্ষ আমাদের ছুটি দেয়নি। অথচ এটা আমাদের অধিকার।”
এর প্রতিবাদে শ্রমিকরা বেলা ২টার দিকে মালিবাগের আবুল হোটেলের সামনে সড়ক অবরোধ করে।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, “বাড্ডার আফতাবনগরে একটি শ্রমিক সমাবেশে নৌমন্ত্রী শাহজাহান খান আসবেন শুনে শ্রমিকরা যেখানে যোগ দিতে চায়। কিন্তু রামপুরা-মালিবাগ এলাকার কয়েকটি কারাখানা কর্তৃপক্ষ ছুটি না দেয়ায় কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।”
পরে ‘পুলিশের হস্তক্ষেপে’ পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে বেলা ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
এদিকে বিকালে সোহাগ (২২) নামে এক শ্রমিক ও শরিফুল ইসলাম (২৬) নামের এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
এ বিষয়ে জানতে চাইলে রমনার ওসি বলেন, মালিবাগে ফাঁকা কিছু গুলি ছোড়া হয়েছিল। কারো আহত হওয়ার কথা নয়।
