অপ্রাপ্তবয়স্কার বিয়ে: কাজি তলব
অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ে নিবন্ধন করায় কক্সবাজারের এক নিবন্ধককে তলব করেছে হাই কোর্ট।
কক্সবাজারের ওই নিবন্ধককে বিয়ে নিবন্ধনের কাগজপত্রসহ আগামী ৩০ জুলাই আদালতে হাজির থাকতে বলেছেন তারা।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে গত ১০ জুন আইনজীবী নওয়ারা চৌধুরী হাই কোর্টে এই রিট করেন। ওই রিটের ধারাবাহিকতায় এই আদেশ আসে।
‘অপহৃত প্রমিলা ফুটবলার মুন্নি ১৭ দিনেও উদ্ধার হয়নি: সন্ধান চাওয়ায় পিতা লাঞ্ছিত’- শিরোনামের ওই প্রতিবেদন দেখে রিটটি দায়ের করা হয়।
ওই রিটের পর আদালত রুল জারি করেছিল। ৯ জুলাই শুনানির দিন আদালতে হাজির হয়ে মুন্নি জানান, তাকে অপহরণ করা হয়নি, পালিয়ে বিয়ে করেছেন।
তবে তার বক্তব্যে বিয়ের বয়স না হওয়ার বিষয়টিও উঠে আসে।
এই পরিপ্রেক্ষিতে আদালত বিবাহ নিবন্ধককে তলব করে। পাশাপাশি আদালতের আদেশের বিষয়ে ব্যবস্থা নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়।
