চরফ্যাশনে ডাকাতি, আহত ৪
ভোলার চরফ্যাশনে একটি বাড়িতে সোমবার রাতে ডাকাতি হয়েছে।
এ সময় নগদ অর্থ স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচলাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।
পুলিশ জানায়, ওসমানগঞ্জ ইউনিয়নের ফ্যাশনগঞ্জ গ্রামে আবদুর রবের (৫০) বাড়িতে রাত সাড়ে ৩টার দিকে ডাকাত ঢোকে।
গৃহকর্তা আবদুর রব জানান, দরজা ভেঙে ১০/১২ জনের একটি ডাকাত দল তার বাড়িতে ঢোকে। তাকেসহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে পাঁচভরি স্বর্ণ ও নগদ ১৩ হাজার টাকাসহ প্রায় পাঁচলাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ সময় ডাকাতের হামলায় তিনিসহ তার পুত্রবধূ লাবনী (৩৫), নাতি তাহসিন (৭) এবং মাওলা (৬০) নামের একব্যক্তি আহত হন।
চরফ্যাশন থানার ওসি আবুল বাশার বলেন, “রবের ছেলে কামাল একটি হত্যা মামলার পলাতক আসামি। তাই তাদের বাসায় ডাকাতি সন্দেহজনক মনে হওয়ার কারণে পুলিশ ঘটনাটি পর্যবেক্ষণ করছে।”
