গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৯
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক শিশুসহ নয়জন নিহত হয়েছে। আহত হয় অর্ধশতাধিক।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাঁড়াখোলা এলাকায় সালিনা বকসা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গোপালগঞ্জের এএসপি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মুকসুদপুর ভাঙ্গা, ফরিদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস দুটি হচ্ছে টুঙ্গীপাড়া এক্সপ্রেস ও ফাল্গুনী পরিবহন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, সকালে ঢাকা থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে বাগেরহাটের শরণখোলা থেকে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়। এরপর দুটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ভেঙেচুরে যায় বলে তিনি জানান।
তিনি আরো বলেন, নিহতদের চারজনের লাশ মুকসুদপুর থানায় ও পাঁচজনের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
