২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী নিরস্ত্র মুক্তিযোদ্ধাকে হত্যার নির্দেশ দেন: সাক্ষী

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নির্দেশে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা পাবনার সাঁথিয়া উপজেলায় নিরস্ত্র এক মুক্তিযোদ্ধাকে হত্যা করে বলে আদালতকে জানিয়েছেন এক সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রোববার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দেন প্রসিকিউশনের ১২তম সাক্ষী রথীন্দ্রনাথ কুণ্ডু।

সাক্ষ্যে আরেক মুক্তিযোদ্ধার বাড়িঘর পুড়িয়ে দেয়া এবং পাবনা জেলা স্কুলের মাঠে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের দায়িত্বে থাকা এক শিক্ষককে চোখ বেঁধে পাকিস্তানি সেনাবাহিনীর জিপে তুলে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক হিসেবে কর্মরত রথীন্দ্রনাথ কুণ্ডু বলেন, তার ভায়রা অনিল কুণ্ডু ১৯৭০ সালে সাঁথিয়া হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধে শুরু হলে তিনি তার বন্ধুবান্ধবসহ ভারতের পানিঘাটাতে ৩/৪ মাস ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফিরে এসে ৭ নম্বর সেক্টরের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে অংশ নেন।

অনিলের বরাতে তিনি বলেন, “তৎকালীন ইসলামী ছাত্রশিবিরের নাজিম-এ-আলা (প্রেসিডেন্ট) আলবদরের প্রতিষ্ঠাতা নিজামী ও তার রাজাকারদের অত্যাচারে অনিলের বাবা-মাসহ পরিবারের সবাই ভারতে চলে যায়। অনিল মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধে নিজামীর নির্দেশে তার এক ভাগ্নের নেতৃত্বে একদল রাজাকার অনিলের বাড়ি ১৯৭১ সালের মে মাসে লুটপাট করে জ্বালিয়ে দেয়।”

১৯৮৫ সালে সস্ত্রীক নীলফামারীতে অবস্থানকালে অনিল সেখানে তার কাছে এসব ঘটনার বর্ণনা দেন তিনি।

৫৮ বছর বয়সী রথীন্দ্রনাথ জানান, বাড়ি পুড়িয়ে দেয়ার ক্ষোভ থেকে অনিলসহ কমান্ডার বাতেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ১৯৭১ সালের অগাস্ট মাসের শেষ দিকে নিজামীর ওই ভঅগ্নেকে হত্যা করে।

তিনি বলেন, হত্যার প্রতিশোধ নিতে ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিজামীর নির্দেশে একদল রাজাকার বাতেনকে সোনাতলা গ্রামে নিয়ে নিরস্ত্র অবস্থায় হত্যা করে।

অনিল কুণ্ডুর বাড়িও সাঁথিয়া থানার সোনাতলা গ্রামে ছিলো বলে জানান এ সাক্ষী।

তিনি বলেন, “আমি আটঘড়িয়ায় অবস্থানকালে ১৯৭১ সালের অগাস্ট মাসের শেষ সপ্তাহে আমার স্কুলজীবনের বন্ধু স্বপনের সঙ্গে আমার দেখা হয়। সে আমাকে বলে যে, ১৯৭১ সালের ১০ জুন আমাদের স্কুলের শিক্ষক মাওলানা কছিম উদ্দিন আহম্মদসহ আরো দুইজনকে চোখ বাঁধা অবস্থায় পাকিস্তান আর্মির জিপে তুলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে যাচ্ছিলো। তখন স্বপন দেখেছিলো যে পাকআর্মির ওই জিপে মতিউর রহমান নিজামী সাহেব বসা ছিলেন।”

পরে জেরার সময় তিনি জানান, মাওলানা কছিম উদ্দিন পাবনা জেলা স্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন।

সাক্ষ্য দেয়ার পরে রথীন্দ্রনাথকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।

পরে জেরা অসমাপ্ত রেখেই সোমবার পর্যন্ত ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।