কুষ্টিয়ায় অপহৃত স্কুলছাত্রী ঝিনাইদহে উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর থেকে অপহরণের নয়দিন পর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে র্যাব।
রোববার হাটগোপালপুর থেকে তাকে উদ্ধারের সময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ছোটনের (২২) বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।
ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, গত ২৯ জুন বিকালে দুর্বৃত্তরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিরাজনগর থেকে ষষ্ঠ শ্রেণির এই ছাত্রীকে (১১) অপহরণ করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে ঝিনাইদহ এলাকায় নিয়ে আসে।
বিভিন্ন স্থানে আটকে রাখার পর দুদিন আগে পুটিয়া গ্রামের এক বাড়িতে ওঠে তারা। এ বাড়িতে দুদিন থাকার পর রোববার সকালে অন্যত্র পালিয়ে যাচ্ছিল।
গোপন খবর পেয়ে ঝিনাইদহ সদরের হাটগোপালপুর থেকে ছাত্রীটিকে উদ্ধার ও অপহরণকারী দলের ‘হোতা’ ছোটনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার স্কুলছাত্রীকে এবং গ্রেপ্তার ছোটনকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কর্মকর্তা।
