২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় মান্নানের

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নান। ৩৯২টি কেন্দ্রের সবকটির ফল ঘোষণা শেষে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খানের চেয়ে এক লাখ ৬ হাজার ৫৭৭ ভোট বেশি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 01:33 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

টেলিভিশন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬৫৪৪৪ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন জোট সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৮৮৬৭ ভোট।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শুধু রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত ফল প্রকাশ করছে।

বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের ফল জানানো হয়। আওয়ামী লীগ কার্যালয় থেকেও ফলাফল জানানো শুরু হলেও পাঁচটি কেন্দ্রের ফল জানানোর পর তা বন্ধ হয়ে যায়।

Image
ভোটে এগিয়ে থাকার খবরে এম এ মান্নানের সমর্থকদের উল্লাস।

ভোটে এগিয়ে থাকার খবরে এম এ মান্নানের সমর্থকদের উল্লাস।

এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বিপুল ভোটে মান্নানের বিজয়ের খবরে আনন্দ-উল্লাস শুরু করেছেন তার সমর্থকরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে।

আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় এই শহরে ৩৯২টি ভোট কেন্দ্রের ২ হাজার ২৮৯টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে।

প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সাত হাজারেরও বেশি নির্বাচনী কর্মকর্তা গাজীপুরে ভোটের দায়িত্ব পালন করেন।

ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থক দুই প্রার্থীসহ মোট সাতজন এ লড়াইয়ে আছেন। এছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে অন্যদের মধ্যে তালা প্রতীক নিয়ে আমান উল্লাহ, ডা. নাজিম উদ্দিন আহমেদ ঘোড়া নিয়ে, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল হাঁস নিয়ে, রিনা সুলতানা প্রজাপতি এবং জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এই সিটির ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটারের মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী এবং ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ।

পুরনো খবর:

ভোট শেষে ফলের অপেক্ষা