২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে তল্লাশি করে ২১৭টি সোনার বার উদ্ধার

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ২৫ কেজি ৩১০ গ্রাম ওজনের ২১৭টি সোনার বার পাওয়া গেছে, যার কোনো দাবিদার পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 12:33 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার দুপুরে শুল্ক কর্তৃপক্ষ কুয়েত থেকে আসা ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে এই সোনার বার উদ্ধার করা হয় বলে কাস্টমসের সহকারী পরিচালক মোস্তফা কামাল জানিয়েছেন।

উদ্ধার সোনার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৮৯ লাখ টাকা।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার মেরিন আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়েত থেকে আসা বিমানের ওই ফ্লাইটে সোনার বড় চালান আসছে বলে খবর ছিল তাদের কাছে এবং এজন্য তারা সতর্ক ছিলেন।

সব যাত্রী নেমে যাওয়ার পর তল্লাশি করে একটি সিটের নিচে কাপড়ে প্যাঁচানো অবস্থায় ওই বারগুলো পাওয়া যায় বলে তিনি জানান।