২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 12:20 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার বিকালে ক্যাম্পাসের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, তারা ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

সংঘর্ষে আহত চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের সালাউদ্দিন আহমেদ নয়ন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শেখ মামুনুর রশিদকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে ।

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মী নয়ন ও মামুনকে মেরে ট্রেন থেকে নামিয়ে দেয় ট্রেনভিত্তিক সংগঠন ভিএক্স গ্রুপের কর্মীরা।

পরে ক্যাম্পাসে অবস্থানকারী পক্ষের ছাত্রলীগের কর্মীরা চবির প্রবেশ পথটি অবরোধ করে। এসময় ছাত্রলীগ সমির্থত ভিএক্স এর কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেয়।

এর পর  ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রলীগকর্মীরাও ভিএক্স গ্রুপকে ধাওয়া দেয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভিএক্স বগির সমর্থক চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পীযূষ কান্তি বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বহিরাগতরা এসে ঘটনা জটিল করে তোলার চেষ্টা করছে।”

এদিকে তাদের প্রতিপক্ষ অংশের নেতা সুমন মামুন বলেন, ভিএক্স কর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সহকারী প্রক্টর আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ গ্রহণের পর অবরোধ তুলে নিয়েছে ক্যাম্পাস ছাত্রলীগকর্মীরা।