২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিতুলের এজেন্টের গরু দিয়ে বিজয়ীদের ভোজ

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে পরাজিত প্রার্থীর এক এজেন্টের গরু জবাই করে ভোজ দেয়ার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার রাতে মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বৈরাটি ইউনিয়নের ভুরভুরি চৌধুরীহাটি গ্রামের নিজামুল হক চৌধুরী অভিযোগ করেন, গত বুধবার (৩ জুলাই) নির্বাচনে তিনি সৈয়দ মহিতুল ইসলাম অসীমের এজেন্ট হিসেবে ভুরভুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

ভোট গ্রহণকালে নৌকা প্রতীকের এজেন্ট স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমানসহ কর্মী-সমর্থকরা জাল ভোট দিরে তিনি প্রতিবাদ করেন।

ওই সময় সিদ্দিকুর রহমান তাকে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেন।

তিনি আরো বলেন, এর জেরে শুক্রবার বিকালে তার একটি বড় ষাঁড় সিদ্দিকুর রহমান লোকজনসহ এসে ধরে নিয়ে যান। রাতে গরুটি জবাই করে অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী সিদ্দিকুর রহমানের ইমামনগর গ্রামের বাড়িতে ভূরিভোজ করে।

নিজামুল হক অভিযোগ করেন, গরু নেয়ার সময় তার প্রতিবেশী বৈরাটি ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম স্থানীয় কাটখাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজকে ফোনে বিষয়টি জানান।

“কিন্তু প্রকাশ্য দিবালোকে আমার ৫০ হাজার টাকা দামের ষাঁড় নিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি,” বলেন নিজামুল হক চৌধুরী।

এ ব্যাপারে কাটখাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ ফোনে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, “আমি গরুর মালিককে ফাঁড়িতে এসে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। কিন্তু এখনো তিনি ফাঁড়িতে আসেননি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।”

এ ব্যাপারে সিদ্দিকুর রহমানের সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নির্বাচনে ফুটবল প্রতী নিয়ে প্রতিদ্বন্দ্বিতারী আওয়মী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম বলেন, “ভোট ডাকাতির নির্বাচনের পর থেকেই আমার পক্ষে দায়িত্ব পালনকারী এজেন্টসহ কর্মী-সমর্থকদের উপর সরকারি দলের মদদে হামলা-মামলা ও নির্যাতন চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”