২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ভোটের আগের রাতে আটক ১৩

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আগের রাতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক পুলিশসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 04:49 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার গভীর রাতে ২০ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় প্রচারপত্র বিতরণ ও ভোটারদের মধ্যে ‘ত্রাস’ সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত সোয়া ২টার দিকে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় লিফলেট বিতরণ করছিলো। তারা হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়-ভীতি দেখাচ্ছিলো বলেও আমরা জানতে পারি।

পরে ঘটনাস্থলে গিয়ে র‌্যাবের একটি দল ছুটিতে থাকা এক কনস্টেবলসহ ১৩ জনকে আটক করে বলে জানান তিনি।

শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে উৎসবের আমেজে ভোট শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ৩৯২টি কেন্দ্রে। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের সোয়া ১০ লাখ ভোটার রয়েছে।

সাতজন প্রার্থীর মধ্যে থেকে ভোটাররা তাদের প্রথম মেয়র বেছে নেবেন। এছাড়া তারা নারী-পুরুষ কাউন্সিলরও নির্বাচিত করবেন।

নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য।

শনিবার নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে সিটি কর্পোরেশন এলাকার সব পোশাক কারখানা।

মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লা খান ও বিএনপি সমর্থিত এম এ মান্নানকে নিয়েই চলছে মূল আলোচনা।

১৯৯৫ সাল থেকে টঙ্গী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসা আজমত সিটি নির্বাচনে লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। আর ১৯৯১ সালে গাজীপুর সদর থেকে সাংসদ নির্বাচিত হয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মান্নানের প্রতীক টেলিভিশন।

এছাড়া আমান উল্লাহ তালা প্রতীক, ডা. নাজিম উদ্দিন আহমেদ ঘোড়া নিয়ে, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল হাঁস নিয়ে, রিনা সুলতানা প্রজাপতি এবং জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।

গাজীপুরের ৫৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সাত হাজারেরও বেশি নির্বাচনী কর্মকর্তা গাজীপুরে ভোটের দায়িত্বে রয়েছেন।