গাজীপুরে উৎসবের আমেজে চলছে ভোট
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচনে ভোট চলছে উৎসবের আমেজে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন, শনিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ৩৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় এ সিটি কর্পোরেশনের সোয়া ১০ লাখ ভোটার সাত জন প্রার্থীর মধ্যে থেকে তাদের প্রথম মেয়র বেছে নিতে ভোট দিচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতিই নেয়া হয়েছে। প্রথম তিন ঘণ্টায় কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
এ নির্বাচনে মেয়র পদের সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লা খান ও বিএনপি সমর্থিত এম এ মান্নানকে নিয়েই মূল আলোচনা। জয়ের ব্যাপারে পুরো মাত্রায় আশাবাদী থাকার কথা বলেছেন দুজনেই।
সকালে টঙ্গীর লিটল ফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে আজমত সাংবাদিকদের বলেন, “আমি নির্বাচনে দাঁড়িয়েছি জনগণের জন্য। নির্বাচনে জয়ী হতে পারলে আমি জনগণের জন্যই কাজ করব। তবে জনগণ যাকেই নির্বাচিত করুক, আমি তা অবনত মস্তকে মেনে নেব।”
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি।
অন্যদিকে সালনা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে মান্নান বলেছেন, “আমি মনে করি, নির্বাচন সুষ্ঠু হলে অবাধ হলে আমি একশ ভাগ আশাবাদী। বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হব, টেলিভিশন জয়ী হবে ইনশাল্লাহ।”
নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না জানতে চাইলে এই সাবেক সাংসদ বলেন, “সংশয় আছে। সরকারি দলের লোকজন গত কয়েকদিনে এখানে এসে যে কর্মকাণ্ড ঘটিয়েছে, যে প্রভাব রেখেছে, তাতে নির্বাচন অবাধ হবে কি না তা নিয়ে সংশয় আছে।”
মান্নান অভিযোগ করেন, শুক্রবার ক্ষমতাসীন দলের প্রার্থী আজমত উল্লার লোকজনের কাছে ‘কিছু ব্যালট পেপার দিয়ে দেয়া হয়েছে’ বলে তারা খবর পেয়েছেন।
“সেগুলো তারা সিল মেরে দলীয় প্রিসাইডিং অফিসারের মাধ্যমে বাক্সে দেবে।”
তবে ভোট ‘সুষ্ঠু হলে’ ফল মেনে নেবেন বলে জানান বিএনপি সমর্থক এই প্রার্থী।
এছাড়া আমান উল্লাহ তালা প্রতীক, ডা. নাজিম উদ্দিন আহমেদ ঘোড়া নিয়ে, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল হাঁস নিয়ে, রিনা সুলতানা প্রজাপতি এবং জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।
গাজীপুরের ৫৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটের দায়িত্বে রয়েছেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সাত হাজারেরও বেশি নির্বাচনী কর্মকর্তা।
নতুন এ সিটি কর্পোরেশনের প্রথম ভোট বলে গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকাল সাড়ে ৭টার পর থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভেটারদের জড়ো হতে দেখা যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারও রয়েছেন।
ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার শাহানা সুলতানা বলেন, “অনেকদিন পরে ভোট দিতে আসলাম। আনন্দই লাগছে।”
ভোরেই ঘরের কাজ গুছিয়ে সকাল ৭টায় ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।
এ সিটির সবগুলো কেন্দ্রে শুক্রবারই ভোটের সরঞ্জাম পৌঁছে দেয় নির্বাচন কমিশন। নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য।
আগের নির্বাচনগুলোর মতো এবারো বিএনপি সরকারের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এবং কারচুপির আগাম আশঙ্কা প্রকাশ করে সেনা মোতায়েনের দাবি জানালেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি গাজীপুরে হয়নি। সবকিছু মিলিয়ে গাজীপুরে নির্বাচনের ‘ইতিবাচক’ পরিবেশ রয়েছে বলেই তিনি মনে করছেন।
শনিবার নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে সিটি কর্পোরেশন এলাকার সব পোশাক কারখানা।
গত মাসে চার সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ের পর গাজীপুর নির্বাচন নিয়েও আত্মবিশ্বাসী ১৮ দলীয় জোট নেতারা। জাতীয় নির্বাচন সামনে রেখে গাজীপুরে জয়ের মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান আরো শক্ত করে নিতে চান।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগও গাজীপুরে দীর্ঘদিনের অবস্থান ধরে রাখতে মরিয়া। বিগত পৌরসভা ও সংসদীয় নির্বাচনগুলোতে গাজীপুরে জয় পেয়ে আসছেন আওয়ামী লীগ নেতারা। আর গাজীপুর নিবাচন নিয়ে শুরু থেকে দ্যোদুল্যমান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও শেষ মুহূর্তে ১৪ দল সমর্থিত প্রার্থীকে সমর্থন দেয়ায় আওয়ামী লীগ অনেকটাই আত্মবিশ্বাসী।
