শাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ট্রাস্ট ব্যাংক পঞ্চম এসইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই উৎসবের গণমাধ্যম সহযোগী।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
এই সময় প্রক্টর হিমাদ্রী শেখর রায় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় বিতর্ক উৎসবের লোগো উদ্বোধন করেন জনপ্রিয় কথা সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন শাহজালাল ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।
শাহজালাল ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির সভাপতি তাসলিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে।
শুক্রবার সকালে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে কলেজ শিক্ষার্থীদের ১৫টি দল অংশ নিয়েছে।
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা শুরু হবে ৩০ অগাস্ট। আর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতিযোগিতা শুরু হবে ৫ সেপ্টেম্বর।
তাসলিমা আরো বলেন, এ তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের নিয়ে উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা হবে আগামী ৮ সেপ্টেম্বর।
