২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সিএনজি স্টেশনে ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রতিবাদে সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে মালিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার দুপুরে পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন ওনার্স গ্রুপ এ ধর্মঘটের ডাক দেয়।

পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ থাকায় জ্বালানি না পেয়ে যানবাহন ফিরে যাচ্ছে। অনেক পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।

এদিকে ধর্মঘট শুরুর পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে প্রত্যাহার করে নেয়ার দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ ও সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারে অবরোধ করে রেখেছে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঢাকা থেকে আসা পেট্রোবাংলার একটি প্রতিনিধি দল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে অভিযানে নামে।

প্রথমেই তারা নগরীর সোবহানীঘাটে মহানগর বিএনপির সভাপতি এম এ হকের মালিকানাধীন বেঙ্গল গ্যাসোলিন ফিলিং স্টেশনে অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে গত পাঁচ বছরে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রির কাগজপত্র দেখতে চান। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কাগজপত্র না দেখিয়ে ওনার্স গ্রুপের নেতাদের খবর দেন।

এ সময় ম্যাজিস্ট্রেট জরিমানা করতে চাইলে ওনার্স গ্রুপের নেতারা ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এরপর ওনার্স গ্রুপের নেতারা সিলেট বিভাগের সকল রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেন।

সিলেট কোতোয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান, সোবহানীঘাটে একটি সিএনজি স্টেশনে অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সিলেটের জেলা নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) মনির হোসেন জানান, পেট্রোবাংলা থেকে একটি প্রতিনিধি দল এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাইয়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। অভিযানকালে পাম্প মালিকরা বাধা দিয়েছেন বলে তিনি শুনেছেন।

সিলেট পেট্রোল পাস্প ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ম্যাজিস্ট্রেট আবদুল হাই বেঙ্গল গ্যাসোলিন স্টেশনে গিয়ে পাঁচ বছরের খাতাপত্র দেখতে চান এবং ৫ লাখ টাকা ঘুষ না দিলে ফিলিং স্টেশন বন্ধ করে দেয়ার হুমকি দেন।

এ খবর পেয়ে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়ে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

আবদুল হাইকে প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান জুবায়ের আহমদ চৌধুরী।