‘নির্বাচনে কারচুপির দিন শেষ’
নির্বাচনে কারচুপির দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “নির্বাচন প্রক্রিয়া আগের মতো নেই। নির্বাচন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনে কারচুপির দিন শেষ হয়ে গেছে।”
এ সময় নির্বাচন কমিশনার আরো বলেন, নবগঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে নবগঠিত দুই পৌরসভার নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জাবেদ আলী এসব কথা বলেন।
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান, আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া খান, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে, আড়াইহাজার থানার ওসি মো. আখতার মোরশেদ।
সভায় মেয়র প্রার্থী সুন্দর আলী, হাবিবুর রহমান, মোজাম্মেল হক জুয়েল, কাজী আব্দুস সেলিম, এম এ হালিম সিকদার, রফিকুল ইসলাম রফিক, আবুল বাসার কাশু প্রমুখ অংশ নেন।
মতবিনিময় সভা শেষে আড়াইহাজার উপজেলা সার্ভার স্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।
