প্রথম আলোকে সংসদের কাছে দুঃখ প্রকাশের আহ্বান
‘স্পিকারের অবাক সিদ্ধান্ত’ শিরোনামের সম্পাদকীয়ের জন্য প্রথম আলোর বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ এনেছেন সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এজন্য পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে দুঃখ প্রকাশ করে সংসদে ‘চিঠি’ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সুরঞ্জিত বলেন, “সংসদের যদি কোয়াসি জুডিশিয়াল (আধা বিচারিক) ক্ষমতা থাকত, তবে এডিটরকে এখানে আসতে হত।”
গত রোববার ‘২০১৩-১৪ সালের সাধারণ বাজেটে প্রস্তাবি দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি’ ওপর দেয়া ছাঁটাই প্রস্তাবের আলোচনায় দুটি ছাঁটাই প্রস্তাব গিলোটিনে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বিদ্যুৎ ও সেতু বিভাগের ছাঁটাই প্রস্তাবের আলোচনা করতে না দেয়ায় ওই দিন ওয়াক আউট করে বিরোধী দল।
ওই বিষয়টি ধরে সম্পাদকীয় প্রকাশ হয় প্রথম আলোয়।
সুরঞ্জিত বলেন, “প্রথম সংসদ থেকে আজ পর্যন্ত সব স্পিকারই ছাঁটাই প্রস্তাব গিলোটিনে দিয়েছেন। ভারত ও ব্রিটেনের পার্লামেন্টেও এই বিধান আছে। স্পিকারের এই সিদ্ধান্ত সম্পর্কে কেউ তো নাই, এই সংসদও প্রশ্ন তুলতে পারে না।
“প্রথম আলোর সম্পাদকীয় দুঃখজনক ও সংসদ অবমাননাকর। একটি পত্রিকার সংসদ সম্পর্কে মন্তব্য করার অধিকার নেই।”
“এ ধরনের লেখার জন্য সম্পাদক নিজে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা নেবেন, সংসদের যাতে ব্যবস্থা নেয়ার প্রয়োজন না হয়,” আশা প্রকাশ করেন সুরঞ্জিত।
এদিকে সাভারে ধসে পড়া ভবন থেকে রেশমা উদ্ধারকে ‘সাজানো’ উল্লেখ করে যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মিররের প্রতিবেদনের সমালোচনা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, “এই ট্যাবলয়েড পত্রিকায় টাকা দিলে ‘আ তু’ বলে ছুটে আসে। মানি লন্ডারিং করে নিয়ে যাওয়া টাকা এই নিউজ ছাপাতে ব্যবহার করা হচ্ছে।”
সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দাবি করে মতিয়া বলেন, “সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার সমীচীন জবাব সেনাবাহিনী দেবে।”
এর আগে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাভারে ভবন ধসের ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার করা প্রসঙ্গে বলেন, “হেফাজতের ওপর যে গণহত্যা হয়েছিল, যে দুঃশাসন করেছিলো- তা আড়াল করতেই এই সাজানো নাটক।”
এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে এতে জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।
মতিয়া বলেন, “আমরা বিএনপির মতো ‘কাঁচা মিছা’ কথা বলতে পারি না।”
মিররের প্রতিবেদক সায়মন রাইট সম্পর্কে তিনি বলেন, “এই লোকের পরিচয় কী? অতীতে নাটক সাজানোর অভিযোগ রয়েছে।”
