পাবনায় কলেজের জমি বাঁচাতে আন্দোলনে শিক্ষার্থীরা
কলেজের জমি বাঁচাতে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে সমাবেশ শেষে পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা কলেজের জমি রক্ষার পাশাপাশি আবাসন সংকট নিরসন ও একাডেমিক ভবন নির্মাণের দাবিও জানান।
এ ব্যাপারে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারজিয়া মেহরিণ তিসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজটিতে ক্লাসরুম সংকটের কারণে ঠিকমতো পাঠদান করতে পারেন না শিক্ষকরা। অপরদিকে খেলার মাঠ ও অডিটোরিয়াম না থাকায় শিক্ষার্থীরা খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকেও বঞ্চিত।
একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, অনেকের বাড়ি গ্রামে হওয়ায় আবাসন সংকটের কারণে মেসে থেকে লেখাপড়া করতে হচ্ছে। এ কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল খালেক মিঠু জানান, সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে কলেজের প্রায় একবিঘা জমি দখলের চেষ্টা করে আসছে।
