২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন দরিদ্র মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর্মকার 

সিরাজগঞ্জ শহরের হতদরিদ্র মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর্মকার (৬২) আর নেই।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের ধানবান্ধি মহল্লায় নিজ বাসায় তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।

বিকালে ঘুড়কা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে মুক্তিযোদ্ধা সংসদ জানায়।

পরলোকগত মুক্তিযোদ্ধার বড়ছেলে নির্মল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার মতো আর্থিক সামর্থ্য তাদের পরিবারের নেই। শুভানুধ্যায়ী ও স্বজনদের সহযোগিতায় অন্ত্যষ্টিক্রিয়ার প্রক্রিয়া চলছে।

কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কামন্ডার ও সহযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর্থিক সার্মথ্য না থাকায় মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে দিনানিপাত করতেন।

সাহায্য সহযোগিতায় মেয়ের বিয়ে দিতে পারলেও ছেলেদের জন্য কোনো সম্বল রেখে যেতে পারেননি। টিনের তৈরি একটি ছাপড়া ঘরে বসবাস করে তার পরিবার।

তিনি প্রয়াত এই মুক্তিযোদ্ধার পরিবারের জন্য সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানান।