র্যাপলিং প্রশিক্ষণ পেলো পুলিশ
প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নামার (র্যাপলিং) প্রশিক্ষণ পেয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সোয়াত দলের ২০ জন সদস্য এই বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন।
মঙ্গলবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে হেলিকপ্টার থেকে নেমে আসার মহড়ায় অংশ নেন ১২ জন পুলিশ সদস্য, যাদের মধ্যে দুইজন নারী সহকারী কমিশনারও রয়েছেন।
বাকিরা বৃহস্পতিবার মহড়ায় অংশ নেবেন। গত দুই সপ্তাহ ধরে সেনানিবাসের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিসে প্রশিক্ষণ নেন পুলিশের এই সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের সোয়াত দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান জানান, পাঁচ জন সহকারী পুলিশ কমিশনার, পাঁচজন উপ-পরিদর্শক ও ১০ জন কনস্টেবল এই প্রশিক্ষণে অংশ নেন।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বিশেষ এই মহড়া দেখতে সকালে হেলিকপ্টারে করে সিলেট যান।
মহড়া শেষ করে আসা পুলিশ সদস্যদের অভিনন্দন জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে। এজন্য পুলিশকে সব ধরনের সক্ষমতা অর্জন করতে হবে।
“এই প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার থেকে ঘটনাস্থলে নামা এবং আটকে পাড়া মানুষকে বের করে আনার পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো সম্ভব হবে।”
সন্ত্রাসীরা এখন এক দেশে প্রশিক্ষণ নিয়ে অন্যান্য দেশে সন্ত্রাসী কার্যক্রম চালায় মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাসীদের মোকাবেলায় পুলিশ বাহিনীর সক্ষমতা আরো বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
