ডেসটিনি কর্মকর্তা শিরিন রিমান্ডে
অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেডের নির্বাহী সদস্য শিরিন আক্তারকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন মঙ্গলবার তাকে রিমান্ডে নেয়ার আদেশ দেন।
কলাবাগান থানায় দায়ের হওয়া অর্থ আত্মসাতের একটি মামলার আসামি শিরিনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে কারাগারে পাঠায় আদালত।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী কবির হোসাইন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা রোববার এক আবেদনে শিরিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চান। ওই আবেদনের শুনানি শেষে বিচারক চার দিনের হেফাজত মঞ্জুর করেন।
একইসঙ্গে শিরিনের জামিন আবেদনও নাকচ করা হয় বলে জানান তিনি।
আর কিছু দিন কারাবাসের পর জামিনে ছাড়া পান ডেসটিনির সভাপতি সাবেক সেনা প্রধান হারুন-অর রশীদ।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ডেসটিনির ২২ পরিচালকের বিরুদ্ধে গত বছরের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক।
