২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ হতে পারে প্রধান রপ্তানিপণ্য: প্রধানমন্ত্রী

মাছের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে আরো গুরুত্ব দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 08:22 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের উৎপাদন বাড়লে আর্থসামাজিক ক্ষেত্রে তা বিরাট অবদান রাখবে।”

মাছ থেকেই আমিষের চাহিদা পূরণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

জলজ সম্পদ এবং জলাভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে ‘আগামীতে মাছই প্রধান রপ্তানি পণ্য হতে পারে’ বলে আশা প্রকাশ প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি জানান, দেশের মানুষের প্রাণিজ আমিষের শতকরা ৬০ ভাগ মৎস্য খাত থেকে আসে।

সমুদ্রে মাছ আহরণের ক্ষেত্রে যথাযথ নিয়ম রক্ষা করতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, যথাযথ পদক্ষেপ নিলে ‘আমরা মৎস্যকে শিল্প হিসাবে গড়ে তুলতে পারি’।

‘মাছে মাছে ভরবো দেশ, গড়ব সোনার বাংলাদেশ’, শ্লোগান নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৩’ এর উদ্বোধন করেন শেখ হাসিনা।

মৎস্য উৎপাদন ও মৎস্য খাতে টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে  ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন তিনি। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক এবং ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্যপদক দেয়া হয়।

স্বর্ণপদক প্রাপ্তরা প্রত্যেকে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদক প্রাপ্তরা ৩০ হাজার টাকা করে পান।

এছাড়া ভোলার পাঁচজন এবং গোপালগঞ্জের ও কোটালীপাড়ার দুজন করে মোট নয়জন ‘প্রকৃত’ জেলের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে ১৯৭৩ সালে দেশে প্রথম মৎস্য সপ্তাহে জাতীয় সংসদ এলাকার লেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাছের পোনা অবমুক্ত করার কথা স্মরণ করেন।

মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের মাধ্যমে সমুদ্র সীমায় অধিকার প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে মামলার রায়ও নিজেদের পক্ষে আসবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

আওয়ামী লীগ যাতে আগামীতেও সরকার গঠন করতে পারে সেজন্য সবার ‘দোয়া’ ও সমর্থন চেয়ে তিনি বলেন, “আগামীতে জয়ী হয়ে আসতে পারলে- সমুদ্র সীমায় নিজেদের অধিকার নিশ্চিত করতে পারব।”

জেলেদের জন্য প্রশিক্ষণ ইন্সটিটিউট গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “প্রকৃত জেলেরাই জানে- কোথায়, কখন, কোন মাছ ধরতে হয়।”

হাওড় এলাকার মাছ সংরক্ষণের জন্য সেখানে মৎস্যজাত শিল্প গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ‘জাল যার জলা তার’ নীতি অনুসরণ করে প্রথম বছরেই ‘জলমহাল নীতিমালা-২০০৯’ প্রণয়ন করে, যা এখন বাস্তবায়ন হচ্ছে।

তিনি জানান, প্রকৃত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। জেলেদের মাছ ধরার নিরঙ্কুশ অধিকার নিশ্চিত হয়েছে। মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষা পাচ্ছে।

“ঐতিহ্যবাহী হালদা নদী, সুন্দরবন ও হাওর-বাঁওড়ের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিবিড় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। সেখানে হ্যাচারি স্থাপন করা হয়েছে। এর ফলে ২০১২ সালে রেকর্ড এক হাজার ৫৬৯ কেজি রুই জাতীয় মাছের রেণু সংগৃহীত হয়েছে।”

জাতীয় মাছ ইলিশ রক্ষা ও জাটকা নিধন রোধ কর্মসূচিতে বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জেলেদের জন্য বিকল্প ব্যবস্থা না করলে জাটকা ধরা বন্ধ করা সম্ভব নয়।”

জেলেদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট এবং তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে জেলেদের খাদ্য সহায়তায় বরাদ্দ ছিল মাত্র ৬ হাজার ৯০১ মেট্রিক টন খাদ্য। সেখানে গত সাড়ে চার বছরে বর্তমান সরকার বরাদ্দ দিয়েছে ৮৭ হাজার ৬৯ মেট্রিক টন খাদ্য। খাদ্য সহায়তার মেয়াদ তিনমাস থেকে বাড়িয়ে চার মাস করা হয়েছে।

৫টি ইলিশ অভয়াশ্রম স্থাপন এবং ২১টি উপজেলায় জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন উপকরণ বিতরণ করার পর  ইলিশের উৎপাদন প্রায় ৫০ হাজার মেট্রিক টন বেড়ে ৩ লাখ ৪৭ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।

তিনি বলেন, চিংড়ি রপ্তানির ক্ষেত্রে মান নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও বাগেরহাটে একটি চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

“মৎস্য খাতে বর্তমান সরকারের পদক্ষেপের ফলে মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি গত সাড়ে চার বছরে ২৬ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। আয় বৃদ্ধি পেয়েছে ৪৫ দশমিক ০৩ শতাংশ।”

মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল হাই বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত।