২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকি হত্যা: সীমান্তের জামিন স্থগিত

নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহম্মদ ত্বকি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সালেহ রহমান সীমান্তকে দেয়া হাই কোর্টের জামিন এক মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 07:55 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই স্থগিতাদেশ দেন। পাশাপাশি এক মাসের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি সীমান্ত এখনো কারাগারে। চেম্বার বিচারপতির এই আদেশের ফলে তিনি আপাতত আর বের হতে পারছেন না।”

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মো. ইকরামুল হক টুটুল তার সঙ্গে ছিলেন।

২৪ জুন হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সীমান্তকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পাশাপাশি তাকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

হাই কোর্টের দেয়া এই অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে ২৬ জুন আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। ওইদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ২ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।

গত ৬ মার্চ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মেধাবী ছাত্র ত্বকি। ৮ মার্চ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদীর একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি রাব্বি এ ঘটনায় যে মামলা করেন, তাতে আসামি হিসাবে কারো নাম ছিল না। তবে ১৮ মার্চ রাব্বি তার ছেলের হত্যায় জড়িত সন্দেহে সাত জনের নাম সুনির্দিষ্ট করে জেলা পুলিশ সুপারকে একটি অবগতিপত্র দেন, যেখানে সীমান্তের নাম ছিল।

বাকি ছয়জন হলেন- সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, অয়নের বন্ধু রিফাত ওসমান, যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাশ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন।

পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করলেও অগ্রগতি না হওয়ায় হাই কোর্টের আদেশে গত ২০ জুন র‌্যাব মামলার দায়িত্ব নেয়।

পুলিশ এই মামলায় জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে সীমান্ত ছাড়াও রিফাত ও ইউসুফ হোসেন লিটন নামে আরো দুই যুবকে গ্রেপ্তার করে।