বরিশালে নার্সিং শিক্ষার্থীদের আমরণ অনশন
ছয় দফা দাবিতে আমরণ অনশন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে এ আমরণ অনশন কর্মসূচি শুরু করে প্রায় তিনশ’ শিক্ষার্থী।
বিকাল সাড়ে ৫টায় কলেজের শিক্ষার্থী রওশন আরা খানম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন ভাঙ্গবেন না।
ছয় দফা দাবিতে গত ২৩ জুন থেকে আন্দোলন শুরু করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
অনশন চলাকালে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- উম্মে সাবিনা ওহাব, জান্নাতুল ফেরদৌস, নিপা বৈরাগী ও দিবা বিশ্বাস।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক রবিউল আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেহেতু শিক্ষার্থীরা না খেয়ে আছে, তাই পানিশূণ্যতায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইন দেয়া হচ্ছে, তারা সুস্থ হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এই চিকিৎসক।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স শেষে ইন্টার্ন শিপ চালু, শিক্ষার্থীদের মাসিক বৃত্তি সাড়ে ৮০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকা করা, বিএসসি ইন নার্সিং কোর্স শেষে মাস্টার্স কোর্স চালু করা, বিশেষ বিসিএস এর মাধ্যমে চাকরির নিয়োগবিধি প্রকাশ, পৃথক সেবা অনুষদ গঠন এবং ক্লিনিক্যাল প্রাকটিসের সময় ইউনিফরমের উপর অ্যাপ্রোন পরার অনুমতি।
