২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের যুদ্ধাপরাধের মামলা স্থানান্তর

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের যুদ্ধাপরাধের মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 06:49 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ দেয়।

Image
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত ২৩ জুন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মামলাটি স্থানান্তরের আবেদন জানায় প্রসিকিউশন।

সোমবার এ বিষয়ে শুনানিতে প্রসিকিউটর হায়দার আলী বলেন, বর্তমানে ট্রাইব্যুনাল-১ এ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বেশ কয়েকজনের মামলা চলছে। ফলে ইউসুফের মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ এখন মামলার সংখ্যা কম হওয়ায় এ মামলাটি সেখানে স্থানান্তর করার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে আসমিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, তাদের সিনিয়র আইনজীবী মিজানুল ইসলাম হুইল চেয়ারে চলাফেরা করেন। ট্রাইব্যুনাল-২ এর বিচারকক্ষ তুলনামূলকভাবে ছোট হওয়ায় সেখানে হুইল চেয়ার নিয়ে প্রবেশ করতে তার অসুবিধা হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মামলাটি ট্রাইব্যুনাল-১ এ রাখা হোক।

গত ১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগে গত ২২ এপ্রিল ইউসুফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশনের তদন্ত দল। এসব অভিযোগের মধ্যে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও রয়েছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা বলছেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এ কে এম ইউসুফ প্রায় ৭০০ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন তারা। এ ছাড়া তার বিরুদ্ধে ৩০০ বাড়ি ও ৪০০ দোকান লুটের পর অগ্নিসংযোগ এবং ২০০ হিন্দুকে জোর করে ধর্মান্তর করার অভিযোগের প্রমাণ মিলেছে ।

মুক্তিযুদ্ধের সময় এ দেশে পাকিস্তানিদের গঠিত কথিত মালেক সরকারের মন্ত্রিসভার সদস্য ইউসুফ এক সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বও পালন করেছেন।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা-লুণ্ঠনে সহায়তা দেয়ার জন্য গঠিত সশস্ত্র বাহিনীর ‘রাজাকার’ নামটি তিনিই চালু করেন বলে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান।

জামায়াতের উচ্চ পর্যায়ের নেতা, বৃহত্তর খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান, রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও মন্ত্রী হিসেবে ইউসুফ পাকিস্তানি সেনাদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে পরে তিনি মুক্তি পেয়ে যান। 

এদিকে সোমবার ট্রাইবব্যুনাল-১ অষ্টম দিনের মতো জবানবন্দি দিচ্ছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।

গত ১৭ জুন সাফাই সাক্ষ্য দেয়া শুরু করেন তিনি।