২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আহত অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু

চট্টগ্রাম ইপিজেডে জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 06:14 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ নামে ৪৫ বছর বয়সী এই ফায়ারম্যান মারা যান।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সাঈদের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে। তার দুই ছেলে ও এক মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত অবস্থায় আবু সাঈদসহ চারজনকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়।

“তারা সবাই কারখানার দেয়াল চাপায় আহত হয়েছিলেন। সাঈদের মাথায় আঘাত লেগেছিল।”

রোববার ভোরে চট্টগ্রাম ইপিজেডের চার নম্বর সড়কে ‘পাপেলা  লিমিটেড’ নামে ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে।

ইপিজেড, আগ্রাবাদ, বন্দর ফায়ার স্টেশনের ১৯টি গাড়ি প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার ভেতরে বিভিন্ন অংশে সারাদিনই ধিকি ধিকি আগুন জ্বলতে থাকে। 

সন্ধ্যার পর কারখানার ভেতরে আগুন নেভানোর সময় দেয়ালচাপা পড়ে সাঈদসহ চার অগ্নিনির্বাপক কর্মী আহত হন।

আহত বাকি তিন অগ্নিনির্বাপক কর্মী ইসমাইল, মিজান ও আক্তার আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

পুরনো খবর:

চট্টগ্রাম ইপিজেডে জুতা কারখানা পুড়ল