২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে জুতা কারখানা পুড়ল

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) একটি জুতা কারখানায় ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 02:38 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক রুহুল আমিন জানান, রোববার ভোর রাত সোয়া ৩টার দিকে ইপিজেডের ৪ নম্বর রোডে ‘পাপেলা লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগে।

কারখানার মূল ফটক বন্ধ থাকায় অগ্নিনির্বাপক কর্মীদের ভেতরে ঢুকতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে বাইরে বৃষ্টি চললেও ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় প্রায় সোয়া সাত ঘণ্টা।

অগ্নিনির্বাপক বাহিনীর ইপিজেড, আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ১১টিসহ মোট ১৯টি গাড়ি যৌথ চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

ইপিজেড থানার ওসি মনসুর আহমেদ জানান, কারখানার ভেতরে বিভিন্ন রাসায়নিক সামগ্রী ও জুতার কাঁচামাল হিসাবে চামড়া থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।

চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেপজার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পাপেলা লিমিটেডের প্রোডাকশন ইনচার্জ মোখলেসুর রহমান জানান, শনিবার রাত ১২টা পর্যন্ত কারখানায় কাজ চলে। এরপর কর্মচারীরা বাড়ি চলে যান। সকালে কাজে যোগ দিতে এসে কর্মীরা কারখানা জ্বলতে দেখেন।

রাতে কারখানার ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে এই কর্মকর্তা জানান।

‘পাপেলা লিমিটেড’ এর মালিক এম এ কালাম। এ কারখানায় প্রায় সাড়ে ছয়শ’ শ্রমিক কাজ করতেন।

কারখানার ব্যবস্থাপক শের বাহাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান, জুতা তৈরির জন্য রাখা কাঁচামাল ও জুতা পুড়ে গেছে।”

তবে মোট আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম ইপিজেডে পাপেলা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এক্সেলসিওর স্যুজের কারখানায় গত মে মাসে ভয়াবহ আগ্নিকাণ্ড হয়।

এক্সেলসিওর স্যুজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমীনের দাবি, মাত্র এক মাস আগে ওই অিগ্নিকাণ্ডে তাদের ৪৬ কোটি টাকার ক্ষতি হয়।

পাপেলা লিমিটেড অ্যান্ড এক্সেলসিওর স্যুজ পুরোপুরি রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ইউরোপ ও কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধায় জুতা রপ্তানি করে থাকে প্রতিষ্ঠানটি।  

পাপেলা লিমিটেডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ইপিজেডে তিন হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত শেডে ১৯৯৯ সাল থেকে কাজ চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এপ্রিল থেকে-জুন ‘পিক সিজনে’ এ কারখানায় আট শতাধিক শ্রমিক কাজ করেন।    

পুরনো খবর:

সিইপিজেডে আগুন: কারণ তদন্তে কমিটি