ধর্ষণের দায়ে পাঁচজনের ফাঁসি
অপহরণের পর ধর্ষণের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির সবাই পলাতক। এরা হলেন- রশিদ আহমেদ, মো. নাসির, নুরুল আবসার, কবির আহমেদ ও মো. কেনু।
তারা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের বাসিন্দা।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ ‘সন্দেহাতীতভাবে’ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে আসামিরা তাদের প্রতিবেশী এক কিশোরীকে বাড়ি থেকে অপহরণ করে দূরের এক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ১২ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন।
পুলিশ ওই বছরের ২৪ অগাস্ট অভিযোগপত্র দাখিল করে এবং ১৯৯৮ সালের ১০ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে।
