গাজীপুরে আজমতের ১০ দফা প্রতিশ্রুতি
বিশ্বমানের নগরপ্ল্যান তৈরি করে গাজীপুরে নাগরিক সেবার আশ্বাসে ১০ দফা উন্নয়ন প্রতিশ্রুতি ঘোষণা করেছেন ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লাহ খান।
রোববার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, গাজীপুরকে ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল জোনে বিভক্ত করে বিশ্বমানের নগরপ্ল্যান তৈরি করবেন।
সিটির প্রতিটি বিভাগকে দুর্নীতিমুক্ত রেখে জবাবদিহিতামূলক স্বচ্ছ প্রশাসন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করবেন।
অন্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নগর ভবনকে আধুনিকীকরণ, পাঁচটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের নিয়ে উন্নয়ন কমিটি গঠন।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকাকে সংযুক্ত করে সুপ্রশস্থ রাস্তা, টঙ্গী থেকে জয়দেপুর পর্যন্ত রেললাইনের পাশে সুপ্রশস্ত রাস্তা, জয়দেবপুর রেল ক্রসিং, ভোগড়া বাইপাস মোড়, মীরেরবাজার, কোনাবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক-মহাসড়কের উপর ফ্লাইওভার ও ফুট ওভারব্রিজ নির্মার্ণের পরিকল্পনার কথাও বলেন তিনি।
সেইসঙ্গে প্রতি ওয়ার্ডে কবরস্থান, কমিউনিটি সেন্টার, পার্ক, পাঠাগার, খেলার মাঠ, শিশুপার্ক, বিনোদন কেন্দ্র, প্রয়োজনীয় সংখ্যক মসজিদ, মন্দির, গির্জা, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ ও সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় সংখ্যক বাসস্ট্যান্ড, পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনী নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।
কর্মজীবী মায়ের শিশুসন্তানদের পরিচর্যার জন্য ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, বস্তিবাসীদের স্থায়ীকরণ ও হকারদের পুনর্বাসনে হকার্স মার্কেট নির্মাণের পদক্ষেপ, পোশাক শ্রমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতন প্রতিরোধে মনিটরিং কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
এছাড়া ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের সঙ্গে আলোচনা করে সহনশীল ভাড়া নির্ধারণের অঙ্গীকার রয়েছে এ ১০ দফার মধ্যে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আক্তারুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
