আজহারুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল ১৫ জুলাই
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আগামী ১৫ জুলাই জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইফুল ইসলাম সকালে এ মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দুই সপ্তাহ সময়ের আবেদন করেন।
অন্যদিকে আজহারুলের আইনজীবী সাইফুর রহমান ট্রাইব্যুনালের কাছে রোজার মধ্যে মামলার কার্যক্রম না রাখার অনুরোধ জানান।
শুনানি শেষে বিচারক ১৫ জুলাই তদন্ত প্রতিবেদন দিতে বলেন।
এর আগে গত ৮ মে প্রসিকিউশন তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে। ওইদিন এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতবছরের ২২ অগাস্ট আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে রোববার সকালে ট্রাইবব্যুনাল-১ এ সপ্তম দিনের মতো নিজের জবানবন্দি দিচ্ছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
গত সোমবার সাক্ষ্য দেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গত ১৭ জুন জবানবন্দি দেয়া শুরু করেন তিনি।
