২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালের কণ্ঠের ‘অসৎ’ দুঃখ

একটি ছবি প্রকাশের পর তাকে কেন্দ্র করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জড়িয়ে দৈনিক কালের কণ্ঠের বক্তব্যে অসততার আশ্রয় নেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ মনে করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 11:03 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

বৃহস্পতিবার ‘হাসিনা-এরশাদ’ বৈঠক শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদে তাৎক্ষণিকভাবে গত বছরের ২৮ জুন বাজেট পাসের পর নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের কুশল বিনিময়ের একটি ছবি ফাইল ছবি হিসেবে প্রকাশিত হয়।

শুক্রবার কালের কণ্ঠে ওই ধরনের একটি ছবি প্রকাশিত হয় এবং ওই ছবির সূত্র হিসেবে পিআইডির কথা বলা হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের একটি প্রতিবাদলিপির পর শনিবার কালের কণ্ঠ নিজেদের ভুল শিকার করে বক্তব্য দিয়েছে।

ওই ছবিতে তৎকালীন স্পিকার আবদুল হামিদও ছিলেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি।

কালের কণ্ঠ বলছে, “মূলত ওয়েব পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওই খবরের সঙ্গে ছবিটি প্রকাশ করে। আর তাদের ওই খবর ও ছবির মাঝে প্রাসঙ্গিকতা থাকায় এই ভুল হয়েছে।”

কালের কণ্ঠ একদিন বাদে এই বক্তব্য দিলেও তাদের আগের দিন প্রকাশিত সংবাদ কিংবা ছবির কোথাও সূত্র হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাম ছিল না।

শনিবার তারা বলেছে, ক্যাপশনের সূত্র হিসেবে পিআইডির নাম উল্লেখ করাটা ছিল ‘ভুল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “কালের কণ্ঠের সম্পাদকীয় নেতৃত্ব নিজেদের দুর্বলতা ঢাকতে অসততার আশ্রয় নিয়েছে।”

মুখপাত্রটি বলেন, “ওই সংবাদ প্রকাশের সময় তাৎক্ষণিকভাবে ব্যবহৃত ওই ছবিটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরে অন্য ছবি দিয়ে প্রতিস্থাপন করে।”

ছবি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, বলেন তিনি।

বঙ্গভবনের প্রতিবাদ ও বিডিনিউজ ২৪ এর ব্যাখ্যা

প্রকাশিত ওই ছবি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, “সামঞ্জস্যহীন, অসত্য তথ্য সম্বলিত বিভ্রান্তিমূলক ও অনভিপ্রেত ক্যাপশনবিহীন ছবি প্রকাশিত হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাবর্মূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে মর্মে রাষ্ট্রপতির কার্যালয় এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।”

এই ছবিটি রাষ্ট্রপতির কার্যালয় সরবরাহ করেনি এবং রাষ্ট্রপতি সেদিন (বৃহস্পতিবার) বঙ্গভবনেই ছিলেন বলে প্রতিবাদলিপিতে জানানো হয়।

ছবিটি কিভাবে সন্নিবেশিত হলো এবং ওই ছবির উৎস সম্পর্কে জানতে চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

এর পরিপ্রেক্ষিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখপাত্র বলেন, এই ছবিটি ২০১২ সালের ২৮ জুন বাজেট পাসের পর নৈশভোজের ছবি, যাতে তৎকালীন স্পিকার হিসেবে মো. আব্দুল হামিদও ছিলেন।

ছবিটি ফাইল ছবি হিসেবে বৃহস্পতিবার ব্যবহার করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে ওই বৈঠকের ছবি পাওয়া না যাওয়ায় পুরনো ছবিটি তাৎক্ষণিকভাবে ব্যবহার করা হয়, যা বিশ্বজুড়ে সাংবাদিকতার একটি স্বীকৃত রীতি।

ওই মুখপাত্র জানান, ওই ছবিটি ইতোমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে।