চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
চট্টগ্রামের চকবাজার এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের নাম আওলাদ (৩৫)। শনিবার প্রথম প্রহরে বগারবিল এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েব বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কে বা কারা আওলাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে হাসপাতালে আনা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে আগেই তার মৃত্যু হয়।
আওলাদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এদিকে শনিবার সকালে চকবাজারের বাকলিয়া খালপাড় এলাকার ল্যাবরেটরি স্কুলের সামনে তড়িতাহত হয়ে এক রিকশা চালকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত গোলাম মোস্তফা (৩৫) কক্সবাজারের সোনালীবাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসা থেকে গ্যারেজে যাচ্ছিলেন মোস্তফা। ল্যাবরেটরি স্কুলের সামনে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি।
মোস্তফাকে পথচারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
