২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

এঘটনায় শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার বেলা ১২টার দিকে নগরীর গণকপাড়া মোড়ে শিবিরকর্মীরা মিছিল বের করলে এই সংঘর্ষ বাধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

তারা জানান, মিছিল থেকে রোববার দেশব্যাপী হরতালের স্লোগানও দেয়া হয়।  

বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরকর্মীরা ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দেয়, তখন সংঘর্ষ বাধে।

হাফিজুর বলেন, তারা একটি প্রাইভেটকার ও পাঁচটি আটোরিকশা ভাংচুর করে। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের ধাওয়ার মুখে ইট ছুড়তে থাকে শিবিরকর্মীরা। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে।

সংঘর্ষ ও ভাংচুরে জড়িত থাকার অভিযোগে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজ।

এদিকে দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে থেকে একটি ঝটিকা মিছিল করে শিবিরকর্মীরা।

মিছিল থেকে তারা দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে শিবিরের মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়া হয়।

মিছিল থেকে একজনকে আটক করা হয় বলেও জানান তিনি।