মাগুরায় ভ্যানচালক খুন
মাগুরার মোহাম্মদপুর উপজেলায় এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি ছগির হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে শুক্রবার নারানদিয়া গ্রাম থেকে গণি বিশ্বাসের (৩৮) লাশ উদ্ধার করা হয়।
গণি বিশ্বাস মোহাম্মদপুরের নহাটা ফুলবাড়ি গ্রামের প্রয়াত আউয়াল বিশ্বাসের ছেলে।
ওসি ছগির জানান, তার পেট, বুক ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারানদিয়া গ্রামের ভ্যানচালক রুবেল ও তার বোনকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে রয়েছে।
গণির স্ত্রী সালমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে মাল নিয়ে পাশের গ্রাম নারানদিয়ায় যান গণি। রাতে আর বাড়ি ফেরেননি।
