২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যামামলার সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়ার কথা জানিয়ে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে বিশ্বজিৎ দাস হত্যামামলার সাক্ষ্যগ্রহণ বার বার পিছিয়ে যাচ্ছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এর ফলে আলোচিত এই মামলার সুষ্ঠু বিচার নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।  

গত দুটি ধার্য তারিখে মামলার আসামি এবং বাদী আদালতে হাজির থাকলেও সাক্ষ্য না নিয়ে নতুন তারিখ ঠিক করেছে আদালত।

মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার আগামী ১৪ জুলাই নতুন তারিখ ঠিক করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে শুনেছি। গেজেট জারির পর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি হবে এবং সেখানে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।”

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। এ সময়ের মধ্যে বিচার শেষ না করা গেলে আরো কয়েকটি মেয়াদে সময় বাড়ানোর কথা আইনে উল্লেখ রয়েছে।

বৃহস্পতিবার আদালতে হাজির ছিলেন মামলার বাদী সূত্রাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন। গ্রেপ্তার আট আসামিকেও আদালতে হাজির করা হয়।

আদালতে উপস্থিত জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক শুনানি পিছিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলার আসামিপক্ষের অধিকাংশ আইনজীবী আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। এদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। সুতরাং এ মামলার সুষ্ঠু বিচার নিয়ে সংশয় রয়েছে।”

মামলার অভিযোগ গঠনের শুনানির সময় অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার এবং তাপস কুমার পালকে আসামি ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল।

গোবিন্দ প্রামাণিক বলেন, “অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ বলতে হবে বলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শিখিয়ে দেন। অথচ এ কাজ তাদের করার কথা নয়।”

গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলার সময় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় নিহত হন দর্জি দোকানি বিশ্বজিৎ দাস।

এরপর পুলিশ বাদী হয়ে মামলা করলে গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।  আসামিরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী। এর মধ্যে ১৩ জন পলাতক।

পুরনো খবর:

বিশ্বজিত হত্যা: ২১ আসামির বিচার শুরুর আদেশ