বিশ্বজিত হত্যা: ২১ আসামির বিচার শুরুর আদেশ
পুরান ঢাকার দর্জির দোকানি বিশ্বজিত দাস হত্যা মামলায় ২১ ছাত্রলীগ কর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
গত বছরের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে দর্জির দোকানি বিশ্বজিতকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম গত ৫ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আসামিদের মধ্যে আটজন গ্রেপ্তার আছেন। বাকিরা পলাতক।
জহুরুল হকের আদালত গত ১৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।
গ্রেপ্তার আট আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক, রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম ও কাইয়ুম মিয়া টিপুকে অভিযোগ গঠনের আগে আদালতে হাজির করা হয়।
তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে এ মামলা থেকে অব্যাহতি চান। বিচারক শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিচার শুরুর আদেশ দেন।
সর্বশেষ গত ২৬ মে মানিকগঞ্জ থেকে এ মামলার আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হলেও এদিন তাকে আদালতে হাজির করা হয়নি।
আসামিদের মধ্যে রাজন তালুকদার, ইউনুস আলী, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, রফিক, কামরুল, তমাল, পাভেল ও মোশাররফ শুরু থেকেই পলাতক রয়েছেন।
এই ২১ আসামির সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়, মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাতে হত্যা রহস্য উন্মোচিত হয়েছে।
মোট ৬০ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে।
