বিশ্বজিৎ হত্যা: ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর ২১ ছাত্রলীগ কর্মীকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম মঙ্গলবার বেলা ১১টার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রে যে ২১ জনকে আসামি করা হচ্ছে তার মধ্যে সাতজন গ্রেপ্তার রয়েছে। বাকিরা পলাতক।
এই ২১ আসামির সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর বিরোধীদলের অবরোধের সময় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে দরজি দোকানি বিশ্বজিতকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে সাবেক ও বর্তমান নয় ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগপত্রে বলা হয়, ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার চার আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যাতে হত্যা রহস্য উন্মোচিত হয়েছে।
যদিও ঘটনার পর সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়, বিশ্বজিতের ওপর হামলাকারীরা কেউই ছাত্রলীগের কর্মী নয়।
এ মামলায় ঠিক কতোজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বিভিন্ন রকম বক্তব্যে অস্পষ্টতা তৈরি হয়।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, রাজন তালুকদার, ইউনুস আলী, কাইউম মিয়া টিপু, এইচ এম কিবরিয়া, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মোস্তফা, মাহফুজুর রহমান নাহিদ, রাশেদুজ্জামান শাওন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, সাইফুল ইসলাম, রফিক, এমদাদুল হক, কামরুল, তমাল, পাভেল ও মোশাররফ।
এদের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ, শাওন, কিবরিয়া, সাইফুল ও কাইয়ুমকে অভিযোগপত্রে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলেও মামুন-অর-রশিদ, ফারুক হোসেন, কাজী নাহিদ-উজ্জামান তুহিন ও মোসলেহ উদ্দিন মোসলেম নামের চারজনকে এ হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রে বলা হয়, বিশ্বজিৎ হত্যার সঙ্গে এই চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
এ মামলায় সাক্ষী করা হয়েছে ৬০ জনকে ।
