২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাক প্লাজা ঝুঁকিপূর্ণ নয়: বুয়েট প্রকৌশলী

ফাটল আতঙ্কে বন্ধ রাখা সাভারের রাজ্জাক প্লাজা ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন বুয়েটের দুই প্রকৌশলী।   

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 11:17 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলী ড. সৈয়দ ফখরুল আমিনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল বাণিজ্যিক মার্কেট রাজ্জাক প্লাজা পরিদর্শন করেন। দলের অন্য সদস্য হলেন, অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ।

বেলা সাড়ে ১২টায় বুয়েটের দলটি সেখানে পৌঁছে ভবনের চারদিক ঘুরে দেখেন।

ভবনটি সিলগালা থাকায় ইউএনওর অনুমতি নিয়ে বেলা ২টায় ভেতরে প্রবেশ করেন। বের হন সোয়া ৩টায়।

পূর্ণাঙ্গ প্রতিবেদনের আগে আগামী শনিবার এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন বুয়েটের এ প্রকৌশলীরা।

ভবন থেকে বের হয়ে ফখরুল আমিন বলেন, “সব ফ্লোর ঘুরে দেখেছি এবং ভবনের নকশাটিও দেখেছি। কিন্তু মূল ভবনের কলাম, বিমে কোনো ফাটল ধরা পড়েনি।”

“তবে, ৯ম তালায় শ্রমিকদের খাওয়ার জন্য তৈরি করা টিনশেড ক্যান্টিনের দেয়ালে ফাটল দেখা গেছে। তার ছবিও নিয়েছি।”

তিনি জানান, ভবনটির অনুমোদন নেয়া আছে আট তলার জন্য।

তার মতে, টিনশেডের ক্যান্টিনটি ভালভাবে তৈরি নয়, তাই তাতে ফটল দেখা দিয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে বুয়েটের অন্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার প্রাথমিক রিপোর্ট দেবেন জানিয়ে বুয়েট প্রতিনিধিরা বলেন, পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে দুই মাস লাগবে।

যে রকমের ফটল দেখা গেছে তাতে ভবনটি ঝুঁকিপুর্ণ নয় বলেও জানান বুয়েটের এই প্রকৌশলী।  

এ সময় বুয়েটের প্রকৌশলীদের সঙ্গে ছিলেন বিজিএমইএ-এর ডেপুটি সেক্রেটারি সিভিল ইঞ্জিনিয়ার আবদুল খালেক, সাভারের ইউএনও কামরুল হাসান মোল্লা, সাভার থানার ওসি মোস্তফা কামাল এবং তদন্ত পরিদর্শক আমিনুর রহমান।

এছাড়া ভবন মালিক ওলি আহমেদ খান এবং ভবনের দোকান মালিকরাও ছিলেন।

ভবন মালিক ওলি আহমেদ বলেন, “বিশেষজ্ঞ টিম বিভিন্ন মেশিনারিজ দিয়ে ভবন পরীক্ষা করেছেন। নয় তলার ক্যান্টিনটি আমরা ভেঙে ফেলব।”

আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীদের স্বার্থে ভবনটি খুলে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন ওলি আহমেদসহ ভবনের দোকান মালিকরা।  

একুশে টেলিভিশনে এ বিষয়ে রিপোর্ট করার কারণে ভবনটি বন্ধ করা হয় বলে ওলি আহমেদ মনে করেন।

বুধবার রাতে ভবন মালিক ওলি আহমেদ একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

এ বিষয়ে মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, “আমারা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি।”

ফাটলের খবরে বুধবার সকালে রাজ্জাক প্লাজা নামের এ ভবনটি খালি করা হয়। ভবনের পাঁচটি ফ্লোরে থাকা দুটি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়।

নয়তলা এই ভবনের প্রথম তিনতলায় মোবাইল, পোশাক ও জুয়েলারিসহ বিভিন্ন সামগ্রীর ২৭০টি দোকান রয়েছে। আর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিনসঅয়্যার লিমিটেডের কারখানা এবং সপ্তম ও অষ্টম তলায় জোবিয়ান স্যুয়েটারের কারখানা রয়েছে।

নবম তলায় টিনের ছাউনি দিয়ে শ্রমিকদের জন্য একটি ক্যান্টিন আছে।