২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ জননীকে হারানোর দিন

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শহীদ জননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

যুদ্ধাপরাধের বিচারে ধারাবাহিক আন্দোলনে বিচার শুরুর পর এখন সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনের মধ্যে এবার তার মৃত্যুবার্ষিকী পালিত হবে।

এই দিনটিতে শহীদ জননী স্মরণে শাহবাগে তার ছবিসম্বলিত বেদী বসাবে গণজাগরণ মঞ্চ, যারা যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত পাঁচ মাস ধরে আন্দোলনে।  

সকাল ৮টায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহীদ জননীর বেদীতে শ্রদ্ধা জানানোর পর তা সবার শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের সূচনা। ২১ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক অবস্থানের ইতি টানা হলেও আন্দোলন চালিয়ে আসছেন তারা।

মিরপুরে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে ফুল দেয়া, স্মারক বক্তৃতা, আলোচনা ও স্মৃতিপদক প্রদানের আয়োজন রয়েছে এই দিনে।

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেয়া শুরু হয়েছে।

“মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করার মাধ্যমেই শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে আমি মনে করি।”

জাহানারা ইমাম ১৯৯২ সালে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে গঠিত হয়েছিল ওই সংগঠনটি।

এ আন্দোলনের ধারাবাহিকতায় ‘শহীদ জননী’হিসেবে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন মুক্তিযুদ্ধে ছেলে গেরিলা যোদ্ধা শফি ইমাম রুমিকে হারানো এই নারী। ক্যান্সার নিয়েও আন্দোলন চালিয়ে পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের প্রতীকে।

জাহানারা ইমামের আত্মজীবনীমূলক লেখা ১৯৮৬ সালে প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল হিসেবে দেখেন ইতিহাসবেত্তারা।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ১৯৯৪ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান জাহানারা ইমাম।

পুরনো খবর:

সাহস যোগাচ্ছেন ‘জননী’
প্রেরণায় শহীদ জননী
“যুদ্ধাপরাধের রায় দীর্ঘ লড়াইয়ের সফলতা”