২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেরণায় শহীদ জননী

দুই যুগ আগে যুদ্ধাপরাধের বিচার দাবিতে যিনি সবাইকে মাঠে নামতে শিখিয়েছিলেন সেই শহীদ জননী জাহানারা ইমামের জীবন ও কর্ম নিয়ে প্রজম্ম চত্বরে শুরু হয়েছে এক সংবাদচিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুনুর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 06:33 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

শহীদ জননীর জীবন ও কর্ম এবং নব্বই পরবর্তী সেই দুর্বার আন্দোলনের কিছু আলোকচিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সাংবাদিক ইয়াসিন কবির জয়ের সহযোগিতায় এই প্রর্দশনীর আয়োজন করেন।

ক্যান্সার আক্রান্ত একজন মানুষ কিভাবে সেই দিনগুলোতে নিজের শারিরীক অবস্থার চূড়ান্ত অবনতি সত্বেও এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তারই ধারাবাহিকতা এই প্রদর্শনীর আলোকচিত্রগুলোতে উঠে এসেছে।

কোথায় নেই তিনি? জাতীয় প্রেসক্লাবের সামনে প্রজন্ম ৭১’এর পথসভায়, তোপখানা রোডে নির্মূল কমিটির তখনকার অস্থায়ী কার্যালয়ে কাঁদানে গ্যাসের ধোঁয়ার মধ্যে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে, বঙ্গবন্ধু এভিনিউয়ে পুলিশি হামলার মুখে, শহীদ মিনারে, টিএসসিতে, আন্দোলন নিয়ে সাংবাদিক ও বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সাথে মতবিনিময় সভায়, গণআদালতের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে জাতীয় সংসদ অভিমুখে অভিযাত্রায়, পুলিশি হামলায় অজ্ঞান হাসপাতালের ট্রলিতে, গণআদালতে গোলাম আযমের ফাঁসির রায়ের পর উদ্দীপ্ত লাখো জনতার মাঝে বক্তৃতার মঞ্চে। 

প্রদর্শনী দেখতে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্জিয়া শরমিন প্রপা বলেন, “উনি মারা গেছেন প্রায় ২০ বছর আগে। কিন্তু তার অস্তিত্ব এখন সারা শাহবাগময়। এই তারুণ্যের জাগরণে, অধিকার আদায়ের আন্দোলনে উনিই আমাদের আলোকবর্তিকা।”

বুধবার সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মৎস্যভবনমুখী রাস্তায় স্থাপন করা হয় শহীদ জননীর একটি বিশাল প্রতিকৃতি। প্রতিকৃতির উদ্বোধনের সময় যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের এই অগ্রনায়কের প্রতি দাঁড়িয়ে এক মিনিট সম্মান প্রদর্শন করা হয়।

অবশ্য শনিবার প্রতিকূল আবহাওয়া থেকে প্রতিকৃতিটি বাঁচাতে তা নামিয়ে ফেলা হয়ে।

শহীদ জননী শেষবার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে বলেছিলেন, “ওদের (যুদ্ধাপরাধীদের)মৃত্যুঘণ্টা বেজে গেছে। এবার ফিরে এসেই দুর্বার আন্দোলন গড়ে তুলবো। দেশ জেগেছে। তরুণেরা ধরেছে হাল। আমার সন্তানেরা একাট্টা হয়েছে। জয় আমাদের সুনিশ্চিত।”

প্রদর্শনীতেই ছাপার অক্ষরে লেখা তার এই বক্তব্যটি দেখিয়ে ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা কবীর সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “তিনি আর ফিরে আসেননি। কিন্তু দেখছেনই তো, দেশ জেগেছে। আর এর হাল ধরেছে তরুণরাই। আর এটা হয়েছে রুমির মায়ের দেখানো পথেই। যিনি আমাদের সবার বিবেকের জননী হয়ে উঠেছেন আগেই।”

জাহানারা ইমাম '৯০ এর দশকে স্বাধীনতাবিরোধী রাজাকার ও আল-বদরদের বিচারের দাবিতে আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি "একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি" গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে গঠিত হয়েছিল ওই সংগঠনটি। এ আন্দোলনের ধারাবাহিকতায় 'শহীদ জননী' হিসেবে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠা এ নারী পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের প্রতীকে।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিজের সন্তান গেরিলা মুক্তিযোদ্ধা রুমিকে হারান জাহানারা ইমাম। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে আশ্রয়, খাদ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তিনি।

দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর ১৯৯৪ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জাহানারা ইমামের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জীবনের শেষ দিনগুলোতে তার কথা বন্ধ হয়ে যায়। সেসময় তিনি দেশবাসীকে তাদের অঙ্গীকার পালনের কথা স্মরণ করিয়ে দিতে একটি চিঠিতে বলেন, “মরণব্যাধি ক্যান্সার আমাকে মরণ কামড় দিয়েছে। আমি আমার অঙ্গীকার রেখেছি। রাজপথ ছেড়ে যাইনি। মৃত্যুর পথে বাধা দেবার ক্ষমতা কারোর নেই। তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি…।”

চিঠির শেষ অনুচ্ছেদে লেখা, “দেশের বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক-মুক্তিযোদ্ধা-নারী-ছাত্র-যুবশক্তি-নারী সমাজসহ দেশের সর্বস্তরের মানুষ এই লড়াইয়ে আছে। তবু আমি জানি, জনগণের মতো বিশ্বস্ত আর কেউ নয়। জনগণই সকল শক্তির উৎস। তাই গোলাম আযম ও যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দায়িত্বভার আমি আপনাদের বাংলাদেশের জনগণের হাতে অর্পণ করলাম।”

প্রদর্শনীতে বড় ছাপার অক্ষরের এই চিঠিটি পড়ে পাঠক পার্থ প্রতীম দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন কেনা জানে যদ্ধাপরাধীদের বিচারের দায় মেটাতে সকল শক্তির উৎস সেই জনগণই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এটা তো দেশের আপামর জনসাধারণেই আন্দোলন।”

শাহবাগের এই আন্দোলনের মধ্যেই আত্মপ্রকাশ করেছে জাহানার ইমামের চেতনায় উজ্জীবিত তরুণদের সংগঠন জাহানার ইমাম স্কোয়াড।  প্রতিবাদী কর্মসূচিতে জাগরণের কেন্দ্রস্থল জাগিয়ে রেখেছে তারাও।