২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহস যোগাচ্ছেন ‘জননী’

শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতি স্থাপন করে দুস্তর পথ পাড়ি দেয়ার অঙ্গীকার করল শাহবাগের প্রজন্ম চত্বর।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেয়ার পর গড়ে উঠা শাহবাগের বিক্ষোভ বিরতিহীনভাবে ২০০ ঘণ্টায় পা দেয়ার পূর্বক্ষণে এই প্রতিকৃতি স্থাপন করা হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মৎস্যভবনমুখী রাস্তায় স্থাপন করা হয় শহীদ জননীর প্রতিকৃতি, যুদ্ধাপরাধের বিচার দাবিতে দুই যুগ আগে যিনি মাঠে নামতে শিখিয়েছিলেন সবাইকে।

নিলয়, তাহসিন, শুভ্র, সৌমিকের মতো কয়েকজন তরুণের উদ্যোগে চারুকলার শিল্পীদের তুলির আঁচড় আর বুয়েটের স্থাপত্যের শিক্ষার্থীদের সহযোগিতায় স্থাপন করা হয় এই প্রতিকৃতি। গত তিনদিন ধরে এতে শ্রম দিয়েছে প্রায় ৩০জন স্বেচ্ছাসেবী।

সন্ধ্যায় এই প্রতিকৃতির উদ্বোধনের সময় মূল মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের এই অগ্রনায়কের প্রতি দাঁড়িয়ে এক মিনিট সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

তার এই আহ্বানে প্রতিবাদমুখর শাহবাগ থেমে যায় এক মিনিটের জন্য। সবাই দাঁড়িযে সম্মান জানান শহীদ জননীর প্রতি।

উদ্বোধনের সময় স্লোগানে মুখর প্রজন্ম চত্বরের নিরবতার মাঝে ভায়োলিনের সুরে বেজে উঠে, ‘মুক্তির মন্দির সোপান তলে/কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে/কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা/তাঁরা কি ফিরবে না আর?’

উদ্বোধনের পর ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের এই প্রতিকৃতির শরীর ঘেষে জ্বলে উঠে ১৪টি বাতির আলোতে।

প্রতিকৃতিতে জাহানারা ইমামের মাথার ওপর যে কথাটি উদ্ধৃত করা হয়েছে, তা নেয়া হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার দাবির এই অগ্রনায়কের শেষ চিঠি থেকে।

এতে বলা হয়, ‘এই আন্দোলনকে এখনো অনেক দুস্তর পথ পাড়ি দিতে হবে। তবু আমি জানি জনগণের মতো বিশ্বস্ত আর কেউ নয়। জয় আমাদের হবেই।’

শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার মাহমুদুল হক মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহানারা ইমামের আদর্শকে আমরা বুকে ধারণ করি। তিনি যে আগুন জ্বেলেছিলেন, তার ফলাফল আজকের এই গণজাগরণ।”

এই প্রতিকৃতি স্থাপনের অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদাত হাসান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই উদ্যোগের চিন্তা মাথায় আসার পরই বিষয়টি আমরা আমাদের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করি।

“অর্থ সাহায্য চাই মানুষের কাছে। যার জবাবে অভূতপূর্বভাবে এগিয়ে আসে মানুষ। মানুষের সাহায্য অর্থ সংগ্রহে আমাদের প্রাথমিক লক্ষ্য অতিক্রম করে।”

ভাড়া করা কাঠামোতে এখন এই প্রতিকৃতি দাঁড় করানো হয়েছে।

আপাতত আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিকৃতি যথাস্থানে রাখার মত অর্থ এবং সামর্থ উদ্যোক্তাদের রয়েছে।

“তবে আমাদের উঠানো এই প্রতিকৃতি নামিয়ে ফেলতে চাই না। স্থায়ীভাবে এই প্রতিকৃতি ব্যবস্থাপনার সামর্থ আমাদের নেই,” বলেন নিলয়।

তিনি বলেন, “আগামীকাল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলব। বিশ্ববিদ্যালয় এই দায়িত্বটি নিলে প্রতিকৃতিটি যথাস্থানে থেকে যেত।”

জাহানারা ইমামের শেষ চিঠি থেকে উদ্ধৃত করা প্রসঙ্গে তিনি বলেন, “চূড়ান্ত অর্থে মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণরূপে বাস্তবায়নে আমাদের দেশে কোনো আপসহীন শক্তি নেই।

“একদলও তো সরাসরি একাত্তরের পরাজিত শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অন্যদলও পূর্ণরূপে দায়িত্ব পালন করছে না।”

“জাহানারা ইমাম জানতেন, জনগণকে সংঘবদ্ধভাবে জনতাত্ত্বিক ও সংগঠনগতভাবে দুর্বার লড়াই গড়ে তোলা ছাড়া এই দেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নির্মূল সম্ভব নয়।”

“আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না করতে পারলে এই আন্দোলনের চূড়ান্ত বিজয় সম্ভব নয়,” বলেন তিনি।

ফেইসবুকে ‘শহীদ রুমী স্কোয়াড’ গড়ে তুলে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোন উদ্যোক্তারা।

“জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে মাঠে এবং অনলাইনে যা করা প্রয়োজন আমরা সেটা করতে প্রস্তুত। জামায়াত আজ গৃহযুদ্ধের ডাক দিচ্ছে, এই অবস্থায় আমরাও নিশ্চয়ই শুধু রাস্তায় বসে গান গাইব না।”

পুরনো খবর:

কবির সুমনকে কৃতজ্ঞতা শাহবাগের
‘একাত্তর দেখিনি, এবার আমরা ছাড়ব না’