‘একাত্তর দেখিনি, এবার আমরা ছাড়ব না’
‘একাত্তর দেখিনি, এবার আমরা ছাড়ব না’- যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের সমাবেশে এভাবে স্লোগান দিয়ে মাতিয়ে রাখেন বন্দর নগরীর কদম মোবারক এম ওয়াই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র মাইকেল অধিকারী।
শুধু সে-ই নয়, তার মতো আরো অনেক স্কুলশিক্ষার্থীর স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমবেত জনতা।
বুধবার বিকালে সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই পুরো সমাবেশস্থল পূর্ণ হয়ে যায় স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে।
দুপুর ২টার পর থেকেই সমাবেশ স্থলের মাইক হাতে তুলে নেন নগরীর সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্রী পারভিন ফয়জুন।
মাইক হাতে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান তুলতেই তার সঙ্গে কণ্ঠ মেলান সবাই। ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’- একের পর এক স্লোগান দিতে থাকে পারভিন।
জালাল নামে কদম মোবারক স্কুলের এক ছাত্র স্লোগান তোলে ‘এক দফা এক দাবি- ফাঁসি ফাঁসি’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।
বুধবার বিকালে নিজ থেকেই স্কুল শিক্ষার্থীরা উঠে আসে সমাবেশে স্লোগান ধরতে। তখন স্বেচ্ছাসেবকরা মাইক এগিয়ে দেন তাদের হাতে।
চট্টগ্রামে গণজাগরণ কর্মসূচিতে আঁকা হচ্ছে রাজাকারের ব্যঙ্গচিত্র।
তাদের একজন আসাদুল ইসলাম শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন দিন আগে বড় ভাইয়ের সঙ্গে সে প্রথম আসে সমাবেশে।
“এখন স্কুল ছুটির পর প্রতিদিন সমাবেশে চলে আসি। আজ স্কুল আগে ছুটি হওয়ায় আগেই এসে পড়েছি,” বলে শান্ত।
বুধবার সমাবেশে আসেন কাতার প্রবাসী মুক্তিযোদ্ধা আবু তালেব। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তরুণ প্রজন্মের এ জাগরণ দেখে কাতার থেকে ছুটে এসেছি চার দিনের জন্য।”
তরুণ প্রজন্মের এ জাগরণকে আরেকটি মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের পর আর কিছু করতে পারিনি। নতুন প্রজন্ম নতুন এক মুক্তিযুদ্ধ করছে।”
“এই লড়াইয়ে তারা জিতবেই,” দৃঢ় আশা এই মুক্তিযোদ্ধার।
