২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“যুদ্ধাপরাধের রায় দীর্ঘ লড়াইয়ের সফলতা”

আবুল কালাম আযাদের ফাঁসির রায়কে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে দীর্ঘ লড়াইয়ের সফলতা হিসেবে দেখছে যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলন করে আসা সংগঠনগুলো।

মঈনুল হক চৌধুরী

মামুনূর রশীদ ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 12:16 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরাম।

তিনটি সংগঠনই সন্তোষ প্রকাশের পাশাপাশি এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে।

ফাঁসির আদেশের প্রতিক্রিয়ায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির অন্যতম সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সুফল পেতে শুরু করেছি।

“মুক্তিযুদ্ধের সময় এরা আমাদের স্বামী সন্তান বাবা মাসহ ৩০ লাখ শহীদকে নৃশংসভাবে হত্যা করেছে। তাই এই রায়ের মাধ্যমে জাতির ওপর থেকে বিচার না পাওয়ার যে কষ্ট ও কলঙ্ক তা দূর হল।”

দ্রুত এই রায় কার্যকরের মধ্য দিয়েই স্বাধীনতার প্রকৃত আনন্দ উপভোগ করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

যুদ্ধাপরাধের বিচার দাবিতে দুই যুগ আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

ওই আন্দোলনের এক পর্যায়ে ১৯৯২ সালের ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার করা হয়।

এই জন্য বিএনপি সরকার আমলে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছিল জাহানারা ইমামসহ আন্দোলন সংগঠনকদের বিরুদ্ধে, যা পরে প্রত্যাহার করে আওয়ামী লীগ সরকার।

নির্মূল কমিটির অন্যতম সহ-সভাপতি মুনতাসীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যারা গত ৪১ বছর ধরে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে রাজপথে আছি, তারা এই রায়ে উদ্বেলিত।

“এই রায় প্রমাণ করল যে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে যে রাজাকার, আলবদর, আল শামসরা কাজ করেছে তারা প্রকৃতই অপরাধী।”

রায়ের এই দিনে শহীদ জননী জাহানার ইমাম, কবি সুফিয়া কামাল ও অধ্যাপক কবীর চৌধুরীকে স্মরণ করে তিনি বলেন, “এটা আরো প্রমাণ করল, জিয়াউর রহমান এসব জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করে যে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিলেন, পরে এরশাদ ও খালেদা জিয়া সেটাকেই এগিয়ে নেন।”

যুদ্ধাপরাধের বিচারের এই উদ্যোগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সাহসী পদক্ষেপ’ হিসাবে আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

এই রায়কে ‘জাতির পরম কাঙ্ক্ষিত বিচার’ হিসাবে আখ্যায়িত করে দ্রুত কার্যকরের তাগিদ দিয়েছেন নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক তুরিন আফরোজ।

তার আশঙ্কা, রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেলে এই রায় কার্যকর করা খুব সহজ হবে না।

যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে উঠা সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিক্রিয়ায় বলেন, “এ রায়ে আমরা আনন্দিত। ৪০ বছর অপেক্ষার ফল এ রায়। এখন তা কার্যকর করতে হবে।”

যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সকালে রাজধানীতে মানববন্ধন করে সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠনটি। 

আবুল কালাম আযাদকে গ্রেপ্তার না করতে পারায় ক্ষোভ প্রকাশ করে ওই কর্মসূচিতে বক্তব্যে দেশের প্রথম সেনাপ্রধান সফিউল্লাহ বলেন, “যারা তাকে পালাতে সাহায্য করেছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা নিতে হবে।”

যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহের লক্ষ্য নিয়ে জন্য গঠিত ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান ড. এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘ ৪১ বছর ধরে দেশে মূল্যবোধের অবক্ষয় হয়েছে। আশা করি, এ রায়ের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মূল্যবোধ পুনর্নির্মাণের ভিত রচিত হবে।”

একই সঙ্গে এ রায় সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তিনি।

চার দশক আগে বাঙালি জাতির মুক্তির সংগ্রামকে দমাতে ব্যাপক গণহত্যা, খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেওয়া হয়।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। আযাদ মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। 

আর এর মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বহু প্রতিক্ষিত বিচারের রায় আসা শুরু হলো।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাত শীর্ষ নেতাসহ মোট নয়জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলাও বিচারের পর্যায়ে রয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত বছর ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে লুট, ধর্ষণ, হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আযাদ ছাত্রসংঘের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ মার্চের কালরাতের পর তিনি সহযোগীদের নিয়ে ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ ঘটান।

গত এপ্রিলে আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। এরপর ট্রাইব্যুনাল গত ৯ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলে।

আযাদ পলাতক থাকায় এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে নেয়ার নির্দেশ দেয়।

এরপর ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আযাদের বিরুদ্ধে ৬ ধরনের ৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।