বরিশালে যৌতুকের দাবিতে নির্যাতন, আটক ৪
বরিশালে যৌতুকের দাবিতে এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার শাশুড়ী-ননদসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বরিশাল কাশিপুরের ইছাকাঠিতে যৌতুকের টাকা দিতে না পারায় সোমবার রাতে ঘরে আটকে রেখে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয়া হয় দুই সন্তাননের জননী শাহনাজ আক্তারকে।
বিমান বন্দর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, প্রতিবেশিদের কাছে খবর পেয়ে পুলিশ শাহনাজকে উদ্ধার করেছে।
এ সময় তার শাশুড়ী তাসলিমা বেগম ও তিন ননদ জেবিন, সম্পা ও শিল্পিকে আটক করা হয়।
নির্যাতনের ঘটনায় শাহনাজ আক্তার বাদি হয়ে বিমান বন্দর থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।
মামলায় বলা হয়, শাহনাজের স্বামী শাকিল খান একজন প্রতিবন্ধী। ঘরের সব কাজ করতে হয় শাহনাজ আক্তারকে।
“ফলে প্রায়ই নানা অজুহাতে তার উপর নির্যাতন চালাতো শাশুড়ী ও ননদরা। এর ফলে গত ২৩ জুন শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহনাজ। এরমধ্যেই আবার তার কাছে ৫ লাখ টাকা যৌতুক চাওয়া হয়।”
ওসি আরো জানান, দাবিকৃত টাকা দিতে না পারায় শব-ই-বরাতের রাতে শাহনাজকে একটি কক্ষে আটকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় শাশুড়ী ও তিন ননদ।
“এক পর্যায়ে তার মাথাও ন্যাড়া করে দেয় তারা”, যোগ করেন ওসি।
