গাজীপুরে ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় দুই তৈরি পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের মুলাইদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুই শ্রমিক আহত হন।
নিহতরা হলেন- মুলাইদ সা’দসান সোয়েটার লিমিটেডের শ্রমিক সেকেন্দার বাদশা (২২) ও তালহা সোয়েটার লিমিটেডের শ্রমিক মোবারক হোসেন (১৮)।
বাদশা চাঁদপুরের মতলব থানার নাওভাঙ্গা এলাকার দুলাল বেপারীর ছেলে এবং মোবারক নেত্রকোনার দুর্গাপুরের চন্ডীগড় এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, দুই শ্রমিক দুপুরের খাবার শেষে বাসা থেকে কাজে ফিরছিলেন।
এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেকেন্দার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মোবারক মারা যান বলে জানান পুলিশ পরিদর্শক।
এছাড়া উজ্জ্বল মিয়া (২৪) ও সোলায়মান (২৩) নামে দুই পোশাক শ্রমিক আহত হন।
পরিদর্শক সানোয়ার আরো জানান, নিহতদের লাশ গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকচালক পলাতক। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
