ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুদিন ছুটি
সাপ্তাহিক ছুটি দুদিন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
দুদিন আগে সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আশরাফ আলী খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুলাই মাস থেকে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে।
গত ২৩ জুন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
তবে যে কোনো দিন যে কোনো সময় বিভাগ খোলা বা বন্ধ রাখার স্বাধীনতা বিভাগগুলোর আগের মতোই রয়েছে বলে জানান তিনি।
বর্তমানে অফিস-আদালতে সাপ্তাহিক ছুটি দুদিন, তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানে তা একদিন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে একদিন সাপ্তাহিক ছুটি।
