গণসংযোগে নামলেন জাহাঙ্গীর
গাজীপুর সিটি কর্পোরেশনের আলোচিত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের সমর্থনে গণসংযোগে নেমেছেন।
সোমবার দুপুরে জাহাঙ্গীর টঙ্গী এলাকায় গণসংযোগ করে আজমতের দোয়াত কলম প্রতীকে প্রার্থীদের কাছে ভোট চান বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হক।
জাহাঙ্গীর এ সময় সকল ভেদাভেদ ভুলে ১৪ দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও এদিন মেয়র প্রার্থী আজমত উল্লা খান টঙ্গী, পূবাইল, সালনা, কাউলতিয়া, পোড়াবাড়ি, কোনাবাড়ি ও চান্দনাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
অন্যদিকে ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান এদিন দুপুরে জয়দেবপুর বাজার, লক্ষ্মীপুরা, বিলাশপুর, পশ্চিম জয়দেবপুর, রাজবাড়ি ট্যাঙ্কিরপাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
অধ্যাপক মান্নান আধুনিক সিটি কর্পোরেশন গঠনে সকলের কাছে ভোট চান।
সকাল ১০টায় গাজীপুর শাপলা কমিউনিটি সেন্টারে মান্নানের নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা থাকলেও তারিখ পরিবর্তন করে তা আগামী ২৬ জুন করা হয়েছে।
