২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনকে মামলা তুলতে বলিনি: মিজানুর

র‌্যাবের বিরুদ্ধে মামলা তোলা নিয়ে লিমন হোসেনের বক্তব্য নাকচ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তিনি বলেছেন, বিষয়টি ‘ভুলভাবে’ গণমাধ্যমে এসেছে।

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন এবং তার মা হেনোয়ারা বেগমের সঙ্গে রোববার দুপুরে কথা বলেন মিজানুর।

ওই বৈঠকের আলোচনার বিষয়ে লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে তার মায়ের করা মামলা তুলে নেয়ার ‘প্রস্তাব’ দেন মিজানুর রহমান, যাতে তার বিরুদ্ধে র‌্যাবের করা মামলা দুটিও প্রত্যাহার হয়।       

লিমনের বক্তব্য নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলা হলে তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি লিমনের পরিবারকে র‌্যাবের সঙ্গে মামলা তুলে নিয়ে সমঝোতা করতে বলিনি। এটা একেবারেই মিথ্যা।”

তিনি জানান, র‌্যাবের করা মামলা খেকে লিমনকে মুক্ত করতে মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

“লিমনের পরিবার যখন কমিশনে এসে এ বিষয়ে জানতে চায়, আমি তাদের বলি- মন্ত্রণালয় যখন মামলা প্রত্যাহার করবে, তথন তারাও র‌্যাবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি তুলতে পারে।”

“তখন লিমনের পরিবার কী করবে, সে ব্যাপারে মানবাধিকার কমিশন অবশ্যই লিমনের কথা ভেবে তাদের পরামর্শ দেবে,” বলেন মিজানুর রহমান।

লিমনকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে ঝালকাঠীর আদালতে মামলা করেন হেনোয়ারা বেগম।

তার ১৭ দিন আগে কথিত বন্দুকযুদ্ধে আহত হন ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে লিমন।

লিমনের বিরুদ্ধে তখন র‌্যাব অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে রাজাপুর থানায় দুটি মামলা করে।

র‌্যাবের এই দুটি মামলা এবং লিমনের মায়ের মামলা মিলিয়ে তিনটিরই কার্যক্রম চলছে ঝালকাঠীর আদালতে। তবে লিমনের মায়ের মামলায় র‌্যাব ‘নির্দোষ’ জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ, যার বিরুদ্ধে নারাজি দিলেও হোনোয়ারার সেই আবেদন খারিজ হয়ে গেছে।  

মিজানুর রহমান নাকচ করলেও লিমন সোমবারও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তাকে ওই ‘প্রস্তাব’ই দিয়েছিলেন এবং তাতে তিনি হতাশ হয়েছে।

তবে বিভিন্ন সময়ে অধ্যাপক মিজানুরের বিশেষ সহানুভূতি পাওয়া লিমন এখনো তার প্রতি আস্থাবান জানিয়ে বলেন, “আমার বিশ্বাস, চেয়ারম্যান স্যার মানবাধিকারের পক্ষেই থাকবেন।”

বর্তমানে ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন লিমন স্বাভাবিক জীবনে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছেন।

তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই- আমিও এ দেশের নাগরিক। এখানে আমারও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে।”

“র‌্যাব প্রথমে আমাকে গুলি করে প্রতিবন্ধী করেছে, তারপর মিথ্যা মামলা দিয়ে স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে,” বলেন এই তরুণ। 

লিমনের মা হেনোয়ারা বেগমও মনে করেন, প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই তার ছেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

পুরনো খবর:

‘মানবাধিকার কমিশন কি র‌্যাবের অঙ্গ প্রতিষ্ঠান’
র‌্যাবের বিরুদ্ধে মামলা তুলতে লিমনকে মিজানুরের ‘প্রস্তাব’