র্যাবের বিরুদ্ধে মামলা তুলতে লিমনকে মিজানুরের ‘প্রস্তাব’
র্যাবের বিরুদ্ধে মামলা তুলে নিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ‘পরামর্শ’ দিয়েছেন বলে দাবি করেছেন লিমন হোসেন।
র্যাবের কখিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর এই তরুণ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেছেন।
বর্তমানে ঢাকায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন লিমন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ও তার মা হেনোয়ারা বেগমকে কার্যালয়ে ডেকে পাঠান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
“মায়ের সামনে স্যার (মিজানুর রহমান) আমাকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তোমার বিরুদ্ধে (লিমনের) র্যাবের দেয়া মামলা দুটি তারা তুলে নিতে পারেন, সেক্ষেত্রে র্যাবের বিরুদ্ধে দেয়া তোমাদের মামলাটিও তুলে নিতে হবে।”
এই বিষয়ে মিজানুর রহমানের তাৎক্ষণিক কোনো বক্তব্য নেয়া যায়নি। লিমন আহত হওয়ার পর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি, লিমনকে হাসপাতালে দেখতেও যান তিনি।
বছর খানেক আগে ঝালকাঠীর তৎকালীন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসও লিমন ও তার মাকে ডেকে র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন।
লিমনকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে ঝালকাঠীর আদালতে মামলা করেন হেনোয়ারা বেগম।
তার ১৭ দিন আগে কথিত বন্দুকযুদ্ধে আহত হন ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে লিমন।
লিমনের মায়ের মামলায় ২০১২ সালের ১৪ অগাস্ট পুলিশ র্যাবকে নির্দোষ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। হেনোয়ারা বেগম ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর শুনানির আবেদন করলেও ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদনটি খারিজ হয়।
লিমনে বিরুদ্ধে র্যাব অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে রাজাপুর থানায় দুটি মামলা করে।
র্যাবের এই দুটি মামলা এবং লিমনের মায়ের মামলা মিলিয়ে তিনটিরই কার্যক্রম চলছে ঝালকাঠীর আদালতে।
